অভিনেতা শেখর সুমন সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর প্রথম ছবি নিয়ে কথা বলেছেন। ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘উৎসব’-এর শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করতে গিয়ে তিনি সাফ জানালেন, সেই সময়ের প্রথম সারির অভিনেত্রী হওয়া সত্ত্বেও রেখা তাঁর সঙ্গে অত্যন্ত পেশাদার ও সহজ আচরণ করেছিলেন।

এক সাক্ষাৎকারে শেখর জানান যে, কেরিয়ারের একদম শুরুতে নবাগত হিসেবে ওই ছবির কাজ শুরু করেছিলেন তিনি। অথচ রেখার মতো বড় মাপের তারকার বিপরীতে অভিনয় করার সময় অভিনেত্রীর তরফে কখনও কোনওরকম অহংকার বা রাখঢাক দেখেননি তিনি। অভিনেতার কথায়, ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা আছেন যাঁরা সেটে নানা রকম কাজ বা দেখনদারিতে বাকিদের কোণঠাসা হতে হয়। কিন্তু রেখা এই সমস্ত কিছুর বহু উর্ধ্বে ছিলেন।

শেখর জানান, শুটিংয়ের ফাঁকে রেখা নিজে এসে তাঁর পাশে বসতেন এবং তাঁকে মানসিকভাবে অনেকটাই স্বস্তি দিতেন। এমনকী ছবির ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের সময়ও রেখার তরফ থেকে কখনও কোনও আপত্তি আসেনি। তিনি কড়া ভাষায় কোনও দিন বলেননি যে— “আমাকে এখানে ছুঁয়ো না বা আমি আর কোনও রিটেক দেব না”। 

উল্টে একজন পেশাদার শিল্পীর মতো পুরো বিষয়টি অত্যন্ত স্বাভাবিকভাবে সামলেছিলেন তিনি। পরিচালক গিরিশ কর্নাড়ও তাঁকে চাপমুক্ত করতে সাহায্য করেছিলেন বলে জানান শেখর। পরিচালক বুঝিয়েছিলেন যে পর্দার রেখাকে নয়, কেবল অভিনেত্রীর 'বসন্তসেনা' চরিত্রটাকেই যেন তিনি ফ্রেমে দেখেন।