পরিচালক নিতেশ তিওয়ারির বহুপ্রতিক্ষিত 'রামায়ণ' ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনার শেষ নেই। রণবীর কাপুর, সাই পল্লবী এবং সানি দেওলের মতো তারকাদের সঙ্গে 'লক্ষণ'-এর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রবি দুবে। তবে এই চরিত্রে সুযোগ পাওয়ার পিছনে এক অদ্ভুত এবং অলৌকিক সংযোগের কথা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন অভিনেতা নিজে, যা শুনে রীতিমতো অবাক হয়েছেন তাঁর অনুরাগীরা।

রবি দুবে জানিয়েছেন, 'লক্ষণ' চরিত্রের জন্য তাঁর নাম চূড়ান্ত হওয়ার ঠিক এক বছর আগে তিনি লখনউতে একটি শুটিংয়ে ব্যস্ত ছিলেন। সেটা ছিল ‘লক্ষণ লীলা ভার্গব’ শো-এর কাজ। মজার ব্যাপার হল, সেই শো-এও তাঁর চরিত্রের নাম ছিল 'লখন' বা লক্ষণ। শুটিং চলাকালীন একদিন একটি গলির মোড়ে বাইক থামিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। হঠাৎ পাশের একটি মন্দিরের দিকে তাঁর নজর যায়। রবি অবাক হয়ে লক্ষ্য করেন যে সেটি ছিল একটি লহ্মণ মন্দির। লখনউ যে আদতে 'লহ্মণপুরী', তা ওইদিন ওই মন্দিরের সামনে দাঁড়িয়েই তিনি প্রথম গভীরভাবে অনুভব করেন।

অভিনেতা জানান, "আমি আগে জানতামই না যে লখনউতে লক্ষণের কোনও মন্দির থাকতে পারে। ওই মুহূর্তে কী যেন এক টান অনুভব করলাম। আমি ভিতরে গিয়ে রাম-সীতা-লহ্মণের মূর্তির সামনে মাথা নত করলাম এবং নিজের মোবাইল ফোনে একটি ছবিও তুলে রাখলাম।" রবি আরও বলেন, সেই ঘটনার ঠিক এক বছর পর যখন তাঁকে নিতেশ তিওয়ারির রামায়ণে লক্ষণ চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়, তখন তিনি পুরোনো ছবির গ্যালারি ঘেঁটে চমকে ওঠেন। তারিখ মিলিয়ে দেখেন, ঠিক এক বছর আগেই তিনি সেই মন্দিরে আশীর্বাদ নিতে গিয়েছিলেন।

বর্তমানে এই বড় বাজেটের ছবিটির প্রস্তুতিতে ব্যস্ত রবি। লক্ষণ হিসেবে তাঁর এই যাত্রা যেন নিয়তি আগে থেকেই লিখে রেখেছিল—এমনটাই বিশ্বাস রবির অনুগামীদের। ২০২৬ এবং ২০২৭ সালের দিওয়ালিতে দুই পর্বে মুক্তি পেতে চলা এই ছবি এখন থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে। ছবিতে 'রাম'-এর চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। 'সীতা' হবেন সাই পল্লবী ও 'হনুমান' রূপে দেখা যাবে অভিনেতা সানি দেওলকে।