জনবহুল এলাকা থেকে পথকুকুর সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব সরকার। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবেই এই পদক্ষেপ। কুকুরগুলোকে উদ্ধার করে বিভিন্ন শেল্টার হোমে পাঠানো হবে। তবে যে সমস্ত কুকুর অত্যন্ত হিংস্র এবং মানুষের জন্য বিপজ্জনক, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রয়োজনে ইউথেনেশিয়া দিয়ে তাদের মেরে ফেলা হতে পারে। সরকারের এই সিদ্ধান্তের পরই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর কাছে একটি আন্তরিক আবেদন জানিয়েছেন রবিনা। প্রশাসন যাতে পুরো বিষয়টি অত্যন্ত সংবেদনশীলতা এবং মানবিকতার সঙ্গে বিবেচনা করে, সেই অনুরোধই করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-কে ট্যাগ করে একটি পোস্ট করেন রবিনা ট্যান্ডন। সেখানে তিনি লেখেন, 'মাননীয় মুখ্যমন্ত্রী ভগবন্ত মানজি, পথপশুদের ব্যবস্থাপনার বিষয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণের পর দেশজুড়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হলেও, আমি আন্তরিকভাবে আশা করি এই রায়ের ব্যাখ্যা এবং বাস্তবায়ন যেন মানবিক ও ভারসাম্যপূর্ণ থাকে। টিকাকরণ, উপযুক্ত আশ্রয়স্থল এবং সুপরিকল্পিত পুনর্বাসনের মতো সহানুভূতিশীল পদক্ষেপগুলো নাগরিক ও পশু—উভয়কেই রক্ষা করতে সাহায্য করতে পারে।'
রবিনা আরও লেখেন, 'আমি বিশ্বাস করি যে প্রশাসন, পশু কল্যাণ সংস্থা এবং বিশেষজ্ঞদের সহায়তায় পাঞ্জাব এই সংবেদনশীল বিষয়টি দায়িত্ব ও দয়াশীলতার সঙ্গে মোকাবিলা করার একটি দারুণ উদাহরণ তৈরি করতে পারে। অবলা প্রাণীদের সঙ্গে আমরা কেমন আচরণ করছি, তা শেষ পর্যন্ত সমাজে আমাদের পরিচয়কেই প্রতিফলিত করে।'
প্রসঙ্গত, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান অবশ্য আগেই স্পষ্ট করে দিয়েছেন যে, সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখতে আইন মেনেই সমস্ত পদক্ষেপ করা হবে। তবে পাশাপাশি কুকুরদের রাখার জন্য পর্যাপ্ত শেল্টার হোম বা আশ্রয় তৈরি করার কাজও শুরু করছে পাঞ্জাব সরকার। তবে এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বহু তারকা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য সোনু সুদ, সোনম বাজওয়ার মতো অভিনেতা-অভিনেত্রীরাও।















