সংবাদ সংস্থা মুম্বই: গত শনিবার রাতের কথা। মুম্বইয়ের বান্দ্রায় একটি গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে পথচারীদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। মুহূর্তে ভাইরাল হয়েছিল সেই ভিডিও। যেখানে অভিনেত্রীকে ঝগড়ায় জড়িয়ে পড়তে দেখা গিয়েছিল। অনেকেই মনে করেছিলেন সেই মুহূর্তে মদ্যপ অবস্থায় ছিলেন অভিনেত্রী। বিষয়টা নিয়ে কম জলঘোলা হয়নি। ঘটনার এক সপ্তাহ পর অবশেষে মুখ খুললেন 'কেজিএফ চ্যাপ্টার ২' অভিনেত্রী। কী বার্তা দিলেন তিনি সোশ্যাল মিডিয়ায়?
বান্দ্রারার ওই ঘটনায়, অভিনেত্রী ও তাঁর গাড়ির চালককে ঘেরাও করেছিল কয়েকজন। তাঁরা মারতে উদ্যত হলে, হাত জোড় করে অনুরোধ করছিলেন অভিনেত্রী। কিন্তু একজন ব্যক্তি খুবই বাজে ব্যবহার করেন তাঁর সঙ্গে। ওই ব্যক্তির দাবি, রবিনার গাড়ির চালক খুবই বাজে। এর জন্য তার পরিবারের লোক অসুবিধায় পড়েছেন অনেকবার। ওই নির্দিষ্ট ব্যক্তির দাবি, সেদিন ঝামেলার মধ্যে অভিনেত্রী নাকি তাঁর মায়ের গায়ে হাত তুলেছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে খার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করতে গেলে তা নিতে অস্বীকার করেছিল পুলিশ। এই ঘটনার এক সপ্তাহ পরে অভিনেত্রী সোশ্যাল মিডিয়া লেখেন, "আপনাদের সকলের ভালবাসা ও সাপোর্টের জন্য ধন্যবাদ। কিন্তু গল্পের শেষটা কি? সেটা জানতে হলে দেখুন সিসিটিভি ফুটেজ।" এভাবেই স্বপক্ষে যুক্তি দিয়েছেন রবিনা।
অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে 'কর্মা কলিং' ও 'পাটনা শুক্লা'তে। আগামীতে তাঁকে দেখা যাবে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ছবিতে। যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, শ্রেয়স তলপড়ে, সুনীল শেট্টি, আরশাদ ওয়ারসি, লারা দত্ত ,অক্ষয় কুমার এবং দিশা পাটানি।