সম্প্রতি বিয়ে নিয়ে চর্চায় ছিলেন রশ্মিকা৷ রাজকীয় বিয়ের পর্ব সেরেই কাজে ফিরেছিলেন রশ্মিকা মান্দানা৷ বর্তমানে বিগ বাজেট তামিল সিনেমার শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী৷ অভিনয়ের পাশাপাশি কঠিন অ্যাকশন দৃশ্যে নিজেকে বারবার প্রমাণ করেছেন রশ্মিকা মন্দানা। তবে এবার তিনি এমন এক কীর্তি গড়লেন, যা ভারতীয় সিনেমায় আগে কোনও অভিনেত্রী করে দেখাতে পারেননি। আসন্ন ছবি ‘থামা’ (Thama)-র জন্য জলের তলায় একটি দীর্ঘ ও জটিল অ্যাকশন দৃশ্যের শুটিং সম্পূর্ণ করেছেন রশ্মিকা৷
জানা গিয়েছে, ভারতীয় চলচ্চিত্রে কোনও অভিনেত্রীর করা এটিই প্রথম পূর্ণাঙ্গ আন্ডারওয়াটার ফাইট সিকোয়েন্স।
এই দৃশ্যের জন্য রশ্মিকাকে দীর্ঘদিন বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছে। জলের তলায় দীর্ঘক্ষণ শ্বাস নিয়ন্ত্রণ, শরীরের ভারসাম্য বজায় রাখা এবং একই সঙ্গে অ্যাকশন কোরিওগ্রাফি নিখুঁতভাবে ফুটিয়ে তোলা ছিল অত্যন্ত কঠিন কাজ। শুটিং চলাকালীন নিরাপত্তার জন্য প্রশিক্ষিত ডুবুরি ও বিশেষজ্ঞদের একটি দল সবসময় উপস্থিত ছিল।
প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই দৃশ্যটি ছবির অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে। সাধারণ অ্যাকশন দৃশ্যের তুলনায় আন্ডারওয়াটার ফাইটের শুটিং অনেক বেশি সময়সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ। জলের নীচে প্রতিটি মুভমেন্ট ধীর হয়ে যায়, ফলে ক্যামেরার সামনে সেটিকে বাস্তবসম্মত দেখাতে অভিনেতাদের অতিরিক্ত পরিশ্রম করতে হয়।
রশ্মিকা বরাবরই নিজের চরিত্রের জন্য নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে ভালবাসেন। ‘পুষ্পা’, ‘অ্যানিম্যাল’-এর মতো ছবিতে অভিনয়ের পর এবার অ্যাকশন ঘরানাতেও তিনি নিজের দক্ষতার নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। ছবির সঙ্গে যুক্ত ব্যক্তিদের মতে, তিনি ডামির উপর নির্ভর না করে দৃশ্যটির বড় অংশ নিজেই করেছেন, যা পুরো ইউনিটকে মুগ্ধ করেছে।
‘থামা’ একটি অ্যাকশন-হরর ছবি। রশ্মিকার সঙ্গে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা, পরেশ রাওয়াল এবং নওয়াজউদ্দিন সিদ্দিকি। সিনেমা বিশেষজ্ঞদের মতে, ভারতীয় ছবিতে নারী চরিত্রকে কেন্দ্র করে বড় মাপের অ্যাকশন দৃশ্য এখনও খুব বেশি দেখা যায় না। সেই জায়গায় রশ্মিকার এই জলের নীচে ফাইট সিকোয়েন্স শুধু তাঁর কেরিয়ারের জন্য নয়, ভারতীয় সিনেমার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। ছবিটি মুক্তির আগেই এই খবর নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এখন সকলের নজর, বড় পর্দায় রশ্মিকার এই ঐতিহাসিক আন্ডারওয়াটার অ্যাকশন দৃশ্য কতটা চমক দেখাতে পারে।















