বলিউডের জনপ্রিয় র‍্যাপার বাদশাহ এবং পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সম্পর্ক নিয়ে গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় তুমুল জল্পনা চলছে। সম্প্রতি ইশার একের পর এক আবেগঘন পোস্টে অনুরাগীদের মনে প্রশ্ন উঠেছিল, তাঁদের দাম্পত্যে কি সত্যিই ভাঙনের মুখে? এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করলেন ইশার মা পুনম রিখি।

ইশার পোস্টের পরেই পুনম রিখি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একাধিক রহস্যময় বার্তা শেয়ার করেন। একটি পোস্টে লেখা ছিল, "কর্ম কাউকে ক্ষমা করে না। যে অন্যের সঙ্গে অন্যায় করে, একদিন তার ফল ভোগ করতেই হয়।" আরেকটি পোস্টে তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেন, "এমন সময় আসবে, যখন বেঁচে থাকাটাও কঠিন মনে হবে, এমনকি মৃত্যুও সহজ হবে না।" যদিও কোথাও তিনি বাদশাহ বা মেয়ের নাম উল্লেখ করেননি, তবুও নেটিজেনদের একাংশের দাবি, এই পোস্টগুলি সাম্প্রতিক পারিবারিক পরিস্থিতির দিকেই ইঙ্গিত করছে। 

এর কয়েকদিন আগেই ঈশা রিখি নিজের ইনস্টাগ্রামে একটি দীর্ঘ আবেগঘন বার্তা শেয়ার করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, বহু বছর ধরে তিনি নীরব ছিলেন। স্বামীর প্রভাব ও ক্ষমতার কারণে ভয় পেয়েছিলেন বলেও ইঙ্গিত করেন তিনি। তবে সময়ের সঙ্গে বুঝেছেন, ভয়কে জয় করেই নিজের সত্যিটা বলা উচিত। যদিও সেই পোস্টেও তিনি সরাসরি বাদশাহর নাম নেননি, তবুও অনুরাগীরা সেটিকে তাঁদের সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত হিসেবেই দেখছেন। 

এর আগে ইশা একটি ভিডিও ও একাধিক ছবি পোস্ট করে লিখেছিলেন, "প্রতিটি ঝড় একটি শিক্ষা, প্রতিটি প্রার্থনা এক টুকরো আশা।" সেই পোস্টের সঙ্গেও ছিল ভাঙা হৃদয়ের ইমোজি, যা বিচ্ছেদের জল্পনাকে আরও জোরালো করেছিল। 

উল্লেখ্য, চলতি বছরই ঘনিষ্ঠ পরিসরে বিয়ে করেন বাদশাহ ও ইশা রিখি। দীর্ঘদিন সম্পর্ক গোপন রাখার পর ইশার মা-ই প্রথম তাঁদের বিয়ের ছবি ও ভিডিও প্রকাশ্যে আনেন। সেই সময় নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন অনুরাগীরা। 

তবে বর্তমানে সম্পর্ক নিয়ে যতই জল্পনা চলুক না কেন, বাদশাহ বা ইশা—কেউই এখনও তাঁদের দাম্পত্যে সমস্যার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি। ফলে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো এই সব ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে তৈরি হওয়া জল্পনার সত্যতা এখনও নিশ্চিত নয়।