রণবীর সিং বনাম ধ্রুব রাঠী—এক বিজ্ঞাপনকে ঘিরেই এখন সরগরম সোশ্যাল মিডিয়া। শ্বশুর প্রকাশ পাড়ুকোনের সঙ্গে রণবীরের সাম্প্রতিক একটি বিজ্ঞাপনে এক 'গোপন ইঙ্গিত' খুঁজে পেয়েছেন নেটিজেনরা। তাঁদের দাবি, কোনও কথা না বলেই ইউটিউবার ধ্রুব রাঠীকে মোক্ষম জবাব দিয়েছেন পর্দার 'ধুরন্ধর'।

 

রণবীর সিং অভিনীত 'ধুরন্ধর' ছবিটির বক্স অফিস সাফল্য নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এই ছবিটিকে ঘিরেই দানা বেঁধেছিল বিতর্ক। জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী ছবিটিকে ‘প্রোপাগান্ডা’ বলে তোপ দেগেছিলেন। এবার সম্ভবত সেই সমালোচনারই এক ‘সুক্ষ্ম’ জবাব দিলেন রণবীর। সরাসরি কিছু না বললেও একটি বিজ্ঞাপনের প্রেক্ষাপটে থাকা একটি পোস্টারেই লুকিয়ে ছিল আসল রসদ।


সম্প্রতি ‘রুপে’-এর একটি বিজ্ঞাপনে রণবীর সিংকে তাঁর শ্বশুরমশাই তথা ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাড়ুকোনের সঙ্গে দেখা গিয়েছে। তাঁরা দুজনে একটি সিনেমার হলের সামনে দাঁড়িয়ে টিকিট ও পপকর্ন কিনছেন। কিন্তু নেটিজেনদের নজর কেড়েছে তাঁদের ঠিক পেছনে থাকা একটি সিনেমার পোস্টার। সেখানে রণবীরের ছবির নিচে বড় বড় অক্ষরে লেখা— "ভবন্দর"।

 

কেন এটি ধ্রুব রাঠীর দিকে ইঙ্গিত?
ধ্রুব রাঠী তাঁর একটি ভিডিওতে ‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর সমালোচনা করতে গিয়ে একটি কাল্পনিক ছবির নাম নিয়েছিলেন— ‘অপারেশন ভবন্দর’। তাঁর দাবি ছিল, এই ছবিগুলি বিশেষ কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচার চালাচ্ছে। বিজ্ঞাপনে হুবহু সেই ‘ভবন্দর’ নামটি ব্যবহার করাতেই শুরু হয়েছে গুঞ্জন। ভক্তদের দাবি, রণবীর খুব ঠান্ডা মাথায় ধ্রুবকে ট্রোল করেছেন।