সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

এবার ফেডারেশনকে আইনি নোটিশ রণবীরের

বলিপাড়ায় এখন একটাই চর্চা, রণবীর সিং বনাম ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। পরিচালক ফারহান আখতারের ‘ডন ৩’ থেকে রণবীরের আকস্মিক সরে দাঁড়ানোকে কেন্দ্র করে যে খবরের সূত্রপাত হয়েছিল, তা এবার রূপ নিল হাই-ভোল্টেজ আইনি লড়াইয়ে। ফেডারেশনের দেওয়া ‘অসহযোগ নির্দেশিকা’ -র বিরুদ্ধে পাল্টা আইনি নোটিশ বিলেন ‘বাজিরাও’। রণবীর শিবিরের স্পষ্ট বক্তব্য, এই ধরণের ‘অসহযোগ নির্দেশিকা’ আদতে একতরফা এবং অভিনেতার কেরিয়ারের ক্ষতি করার চেষ্টা। চুক্তি সংক্রান্ত যে কোনও বিতর্ক একান্তই দুটি পক্ষের দেওয়ানি বিষয়, যেখানে নাক গলানোর এক্তিয়ার কোন ফেডারেশনের নেই।

প্রযোজকের বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার মামলা শিল্পা শিন্ডের? 

টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এক সময়ে সাড়া ফেলে দেওয়া ‘ভাবিজি ঘর পর হ্যায়’ সিরিয়ালের বিতর্ক নতুন মোড় নিল। এতদিন ধরে যে মামলা নিয়ে চর্চা চলছিল, তা নিয়ে এবার এক বিস্ফোরক সত্য প্রকাশ্যে আনলেন স্বয়ং ‘অঙ্গুরি ভাবী’ খ্যাত অভিনেত্রী শিল্পা শিন্ডে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি খোলাখুলি স্বীকার করে নিয়েছেন, শো-এর প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে অতীতে তাঁর দায়ের করা যৌন হেনস্থার মামলাটি আসলে সম্পূর্ণ ‘মিথ্যে’ এবং সাজানো ছিল! শিল্পা জানান, সেই সময় সিরিয়ালের পারিশ্রমিক এবং চুক্তি নিয়ে প্রযোজক শিবিরের সঙ্গে তাঁর তীব্র ঝামেলা চলছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, শো ছাড়ার পর ফেডারেশনের পক্ষ থেকে তাঁর ওপর অলিখিত নিষেধাজ্ঞা জারি করার চেষ্টা করা হচ্ছিল। কেরিয়ার যখন খাদের কিনারায়, তখনই কিছু ঘনিষ্ঠ মানুষ ও আইনি পরামর্শদাতা তাঁকে এই চরম পথ বেছে নেওয়ার বুদ্ধি দেন। 

খুনের হুমকি পেয়েছিলেন মনোজ বাজপেয়ী!

বলিউডের অন্যতম পাওয়ারহাউস এবং জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা মনোজ বাজপেয়ী বরাবরই তাঁর ঠোঁটকাটা স্বভাব ও নির্ভীক অভিনয়ের জন্য পরিচিত। তবে তাঁর কেরিয়ারের গ্রাফটা মসৃণ ছিল না কখনওই। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের আগামী কাজ এবং কেরিয়ারের শুরুর দিকের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অভিনেতা। তিনি জানিয়েছেন, একটি বিতর্কিত চরিত্রের কারণে কীভাবে তাঁকে সরাসরি ‘খুনের হুমকি’ পর্যন্ত দেওয়া হয়েছিল! কেরিয়ারের শুরুর দিকে পর্দায় একজন দুর্নীতিগ্রস্ত বা ‘ঘুষখোর পণ্ডিত’-এর চরিত্রে অভিনয় করেছিলেন মনোজ। চিত্রনাট্যের খাতিরে চরিত্রটি অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন তিনি। কিন্তু সিনেমাটি মুক্তির পরেই ঘটে বিপত্তি। একটি নির্দিষ্ট অংশের মানুষ এই চরিত্রটিকে কেন্দ্র করে চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে, অভিনেতাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া শুরু হয়। মনোজের কথায়, সেই সময় নিজের নিরাপত্তা নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন তিনি। তবে অভিনেতা হিসেবে কাজের প্রতি সততা রেখে কোনও হুমকির কাছেই মাথা নত করেননি তিনি।