বলিউডের অন্দরমহলে ফের জাঁকিয়ে বসল বিতর্ক। রণবীর সিং এবং ‘ডন ৩’ ছবিটিকে ঘিরে জল্পনা যেন কিছুতেই থামছে না। শোনা যাচ্ছে, ছবির শুটিং শুরু হওয়ার আগেই নির্মাতাদের কাছে বেশ কিছু আজব এবং ব্যয়বহুল শর্ত রেখেছিলেন রণবীর। আর সেই শর্ত নিয়েই এখন সরগরম নেটপাড়া।
‘ডন ৩’ ছবিতে রণবীর সিং-এর থাকা না-থাকা নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। শাহরুখ খানের জুতোয় পা গলিয়ে নতুন ডন হিসেবে রণবীরের নাম ঘোষণার পর থেকেই নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। বলিপাড়ার অলিতে-গলিতে ফিসফাস, নির্মাতাদের সঙ্গে মতবিরোধ শুরু হওয়ার আগে রণবীর সিং নাকি বেশ কিছু কড়া শর্ত দিয়েছিলেন সেটে।
তা কী কী দাবি ছিল রণবীরের? জোর খবর, সেটে নিজের আরাম ও গোপনীয়তা বজায় রাখতে রণবীর বেশ কিছু বড় দাবি করেছিলেন। যার মধ্যে রয়েছে:
ভ্যানিটি ভ্যান: মোট ৭টি ভ্যানিটি ভ্যান। যার মধ্যে ২টি ভ্যান সম্পূর্ণ কালো কাপড় দিয়ে ঢাকা রাখতে হবে যাতে বাইরের কেউ কিছু দেখতে না পায়।
বরফের ব্যবহার: সেটে সবসময় ১০০ কেজি বরফ মজুত রাখতে হবে।
যোগাযোগের মাধ্যম: তাঁর সঙ্গে যোগাযোগের জন্য একজন নির্দিষ্ট বা ‘ডেডিকেটেড’ অ্যাসিস্ট্যান্ট রাখতে হবে, যিনি সমস্ত কথাবার্তা ও তাঁর হয়ে পরিচালনা করবেন।
কেন তৈরি হল এই মতবিরোধ?সূত্রের খবর, রণবীরের এই আকাশছোঁয়া দাবি এবং কড়া শর্তগুলোর কারণে নির্মাতাদের সঙ্গে সম্পর্ক কিছুটা তিক্ত হয়ে ওঠে। শুটিংয়ের শুরুর দিকেই এই ধরনের ভিআইপি ট্রিটমেন্টের দাবি নিয়ে প্রোডাকশন টিমের সঙ্গে সমস্যা তৈরি হয়। এরপরেই ছবির কাজ ও রণবীরের যুক্ত থাকা নিয়ে বিতর্ক দানা বাঁধে।
যদিও এই বিষয়ে রণবীর সিং বা নির্মাতাদের তরফ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে তাঁর এই ‘ডিমান্ড’ নিয়ে ইন্ডাস্ট্রিতে এখন জোর আলোচনা চলছে।
















