'ধুরন্ধর' বক্স অফিসে ঝড় তুলেছিল। না, কেবল দেশভক্তির জয়গান গেয়ে নয়, এই ছবির গল্প থেকে স্ক্রিনপ্লে, অভিনয় থেকে অ্যাকশন সবই নজর কেড়েছিল দর্শকদের। তারপর থেকেই উত্তেজনার পারদ চড়ছিল 'ধুরন্ধর ২' নিয়ে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল ছবির ট্রেলার। 

'ধুরন্ধর' ছবিটিতে হামজা আলির চরিত্রে দেখা গিয়েছিল রণবীর সিংকে। কিন্তু সে কীভাবে কেন এই বহুরূপ ধারণ করে পাকিস্তান এলেন, তাঁর আসল পরিচয় কী, কীভাবেই বা গুপ্তচর হলেন এমন নানা প্রশ্ন দর্শকদের মনে ঘুরপাক খেয়েছে। অবশেষে 'ধুরন্ধর ২' তথা 'ধুরন্ধর : দ্য রিভেঞ্জ' ছবিতে সেই উত্তর পাওয়া যাবে। জানা যাবে 'জ্যাসকৃত সিং রঙ্গী'র কথা। সে কে, কী তার ইতিহাস সবটাই। 

'ধুরন্ধর' ছবিতে সেই অর্থে আর মাধবন বা অর্জুন রামপালকে দেখা যায়নি। কিন্তু ছবির দ্বিতীয় ভাগে যে তাঁরা ত্রাস ছড়াবেন সেটা স্পষ্ট। একজন ভারতীয় গুপ্তচরকে তৈরি করে পাকিস্তানে পাঠাবেন, বদলা নিতে।

অন্যদিকে আরও একজন ভারতীয়ের মুণ্ডু পাত করার দিন গুনছে। এমন অবস্থায় রেহমান ডাকাতকে খতম করে লিয়ারির বেতাজ বাদশা হয়ে বসবে হামজা। তারপর? তার আসল পরিচয় কি জেনে যাবে ইয়ালিনা? তার ঝলক দেখাল ট্রেলার। বাদ গেল না সঞ্জয় দত্তের নৃশংস রূপ। 

'ধুরন্ধর' ছবিটির মতোই মারকাটারি অ্যাকশন, ধুন্ধুমার দৃশ্য, নৃশংসতা ফুটে উঠল 'ধুরন্ধর : দ্য রিভেঞ্জ' ছবির ট্রেলার জুড়ে। সঙ্গে দেখা গেল 'জ্যাসকৃত সিং রঙ্গী'র পূর্ব জীবনের ঝলক। সবটা মিলিয়ে 'ধুরন্ধর ২' ছবিটির ট্রেলার যে দর্শকের প্রত্যাশা কয়েক গুণ বাড়িয়ে দিল সেটা বলার অপেক্ষা রাখে না। 

প্রসঙ্গত 'ধুরন্ধর ২' ওরফে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' ছবিটি আগামী ১৯ মার্চ মুক্তি পাবে। একই দিনে আসার কথা ছিল 'টক্সিক' ছবিটির। কিন্তু বক্স অফিস ক্ল্যাশের ভয়ে সেই ছবি পিছিয়ে গেছে। আদিত্য ধর পরিচালিত এবং প্রযোজিত এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন রণবীর সিং, সারা অর্জুন। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন, প্রমুখকে। মুক্তি পাওয়ার আগে আমেরিকার বক্স অফিসে এই ছবি ইতিমধ্যেই তুমুল ব্যবসা করে ফেলেছে এই ছবি। এদিন ছবিরক ট্রেলার পোস্ট করে রণবীর লেখেন, 'বলেছিলাম ব্যাপারটা ব্যক্তিগত!' বলাই বাহুল্য ট্রেলার দেখে মুগ্ধ নেটপাড়া। একজন লেখেন, 'আগুন।' কেউ আবার লেখেন, 'উফ তর সইছে না আর।' আরও একজনের মতে, 'এটা আরও ভাল হবে। বেশি ব্যবসা করবে।'