ভারতীয় বক্স অফিসে একের পর এক নজির গড়ার পর এবার জাপানের দর্শকদের মন জয়ের লক্ষ্যে এগোচ্ছে রণবীর সিং অভিনীত ব্লকবাস্টার ছবি 'ধুরন্ধর'। আগামী ১০ জুলাই জাপানে মুক্তি পেতে চলেছে ছবিটি। সেই উপলক্ষে জাপানের দর্শকদের উদ্দেশে একটি বিশেষ ভিডিও বার্তাও প্রকাশ করেছেন রণবীর সিং।

ভিডিও বার্তায় রণবীর বলেন, “আপনাদের জন্য আমরা নিয়ে আসছি সর্বকালের অন্যতম বড় ভারতীয় সিনেমার অভিজ্ঞতা। বড় পর্দায় 'ধুরন্ধর' দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।” অভিনেতার এই বার্তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং জাপানি দর্শকদের মধ্যেও ছবিটি ঘিরে কৌতূহল তৈরি হয়েছে।

পরিচালক আদিত্য ধরের এই স্পাই-অ্যাকশন থ্রিলার ইতিমধ্যেই দেশ-বিদেশে বিপুল সাফল্য পেয়েছে। ছবিতে রণবীর সিংয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর. মাধবন এবং অর্জুন রামপাল। গুপ্তচরবৃত্তি, আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং দুর্ধর্ষ অ্যাকশন সিকোয়েন্সে ভরপুর এই ছবি দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে৷ 

বক্স অফিসের নিরিখেও 'ধুরন্ধর' ফ্র্যাঞ্চাইজি রীতিমতো ইতিহাস গড়েছে। প্রথম ছবি এবং তার সিক্যুয়েল মিলিয়ে বিশ্বজুড়ে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা করেছে।  'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' ভারতে ১,০০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে৷ এই সাফল্যের পর নির্মাতাদের আশা, জাপানেও ছবিটি একইভাবে দর্শকদের মন জয় করবে।

গত কয়েক বছরে জাপানে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে বড় মাপের অ্যাকশন, ভিজ্যুয়াল এফেক্ট এবং শক্তিশালী গল্পনির্ভর ভারতীয় ছবিগুলি সেখানে ভালো সাড়া পেয়েছে। সেই কারণেই 'ধুরন্ধর'-এর জাপান মুক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নির্মাতারা।

শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও হিন্দি সিনেমার প্রভাব যে ক্রমশ বাড়ছে, 'ধুরন্ধর'-এর জাপান যাত্রা তারই আরেকটি বড় উদাহরণ। এখন দেখার, ভারতীয় বক্স অফিসে ঝড় তোলা এই ছবি জাপানের প্রেক্ষাগৃহেও একই রকম সাফল্যের গল্প লিখতে পারে কি না। আপাতত সেই অপেক্ষাতেই রয়েছেন রণবীর সিংয়ের অনুরাগীরা।