রণবীর সিং-এর সাম্প্রতিক ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে রীতিমতো ইতিহাস তৈরি করেছে। একদিকে ছবির আকাশছোঁয়া সাফল্য, অন্যদিকে রণবীরের দুর্দান্ত অভিনয়—সব মিলিয়ে অভিনেতা এখন সাফল্যের মধ্যগগনে। কিন্তু জানেন কি, এই ছবির শুটিং করতে গিয়ে খোদ রণবীর-ই কেঁপে উঠেছিলেন? এমনকি তাঁর আইকনিক ‘পদ্মাবত’-এর আলাউদ্দিন খিলজি চরিত্রের চেয়েও এই ‘হামজা’ চরিত্রটি তাঁকে মানসিকভাবে বেশি বিধ্বস্ত করেছে!
অদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে যেন সুনামির প্রবল ঢেউ। রণবীর সিংয়ের এই স্পাই থ্রিলারটি কেবল বাণিজ্যিক সাফল্যই পায়নি, সমালোচকদের মুখেও কুড়িয়েছে প্রশংসা। কিন্তু পর্দার এই সাফল্যের নেপথ্যে রয়েছে অভিনেতার এক কঠিন লড়াই। রণবীরের বিজনেস পার্টনার নিকুঞ্জ ভিয়ানি সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাঁস করেছেন সেই অকথিত সংগ্রামের কথা।
সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবত’-এ আলাউদ্দিন খিলজি চরিত্রে রণবীরের অভিনয় আজও দর্শকদের স্মৃতিতে উজ্জ্বল। কিন্তু রণবীরের মতে, ‘ধুরন্ধর’-এর হামজা চরিত্রটি খিলজির চেয়েও অনেক বেশি দাবিদাওয়া ছিল। নিকেঞ্জ বিয়ানি জানিয়েছেন, “আমরা একবার আড্ডার ছলে জিজ্ঞেস করেছিলাম, খিলজির মতো আর কোনও চরিত্র করা কি সম্ভব? রণবীর তখন বলেছিল, ধুরন্ধর-এর হামজা এই চরিত্রটি তাকে তিল তিল করে শেষ করে দিয়েছিল। আর্টিস্ট হিসেবে তাকে ৩০০ শতাংশ দিতে হয়েছিল, যা তাকে মানসিকভাবে নিঃস্ব করে দিয়েছিল।”
‘পদ্মাবত’-এর জন্য রণবীর কী করেছিলেন, তা আমরা সবাই জানি। চরিত্রটিতে মিশে যেতে তিনি টানা ২১ দিন নিজের গোরগাঁওয়ের ফ্ল্যাটে নিজেকে বন্দি করে রেখেছিলেন। অন্ধকার অভিজ্ঞতা আর খিলজির হিংস্র মানসিকতার সঙ্গে নিজেকে মেলাতে না পারায় তিনি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন পৃথিবী থেকে। কিন্তু ‘ধুরন্ধর’-এর ক্ষেত্রে সেই ‘মারিনেশন’ বা চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার প্রক্রিয়াটি ছিল আরও জটিল ও যন্ত্রণাদায়ক।
বক্স অফিসে ঝড় তোলার পর এবার ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে আসার অপেক্ষায়। শোনা যাচ্ছে, জিও হটস্টার প্রায় ১৫০ কোটি টাকার বিনিময়ে ছবিটির ডিজিটাল স্বত্ব কিনে নিয়েছে, যা হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম বড় ওটিটি চুক্তি। সাধারণত মুক্তির ২-৩ মাসের মধ্যে ওটিটিতে আসার নিয়ম অনুযায়ী, মে মাসের শেষ বা জুন মাসের শুরুতেই দর্শকদের জন্য অনলাইনে স্ট্রিমিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্বজুড়ে ১৩০০ কোটির বেশি ব্যবসা করা এই অ্যাকশন থ্রিলারটি নিয়ে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। অভিনয়ের গভীরতা আর কঠোর পরিশ্রম—সব মিলিয়ে ‘ধুরন্ধর’ রণবীরের ক্যারিয়ারের এক নতুন মাইলফলক হয়ে রইল।















