বিয়ের পরে প্রথম জন্মদিন অভিনেতা রণজয় বিষ্ণুর। জন্মদিনে শুটিং ফ্লোরে তিনি। সকাল থেকে বিকেল কাজের মধ্যেই থাকবেন এদিন। তাহলে জন্মদিনের সেলিব্রেশন? কী পরিকল্পনা তাঁর? শুভেচ্ছা জানাতে আর বার্থডে প্ল্যান নিয়ে জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল রণজয় বিষ্ণুর সঙ্গে।
তাঁর কথায়, "আজ তো সকাল থেকেই শুটিংয়ে। প্ল্যানিং বলতে সেরকম কিছু নেই। তবে সন্ধেতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার কথা আছে। প্রতিবছর ছিমছামভাবেই কাটে জন্মদিন। এ বছর শ্যামৌপ্তি আগে থেকেই সব প্ল্যান করে রেখেছে। তাই আমার চিন্তা নেই।"
জন্মদিনে নতুন বউ কী উপহার দিল? একটু হেসে রণজয়ের জবাব, "দারুণ একটা আই ওয়াচ দিয়েছে। অনেকদিন ধরেই কেনার ইচ্ছা ছিল, এবার দেখলাম জন্মদিনের উপহারে ওই আমায় দিল। খুব খুশি হয়েছি। তাছাড়া দারুণ সব রান্না করেছে। পনির, ধোকা, সব সবজি দিয়ে মুগ ডাল, গাজরের হালুয়া আরও অনেককিছু। গতকাল রাতেই খেয়েছি। আজ শুটিং আছে জানত বলেই কাল রাতেই সব আয়োজন করেছিল। আসলে শ্যামৌপ্তির মা খুব ভাল রান্না পারে, এই গুণটা মায়ের থেকেই পেয়েছে ও।"
প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে বিয়ে সেরেছেন রণজয়। বিয়ের পরেই এসেছে তাঁর নতুন কাজের খবর। এবার 'তোমাদের রাণী' খ্যাত অভিনেত্রী অভীকা মালাকারের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। স্টার জলসার আসন্ন ধারাবাহিকে দেখা যেতে চলেছে তাঁদের। নাম, 'প্রতীজ্ঞা'। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রথম প্রোমো। হারিয়ে যাওয়া ভালবাসাকে খুঁজে পাওয়ার গল্প বলবে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের হাত ধরেই পর্দায় এই প্রথমবার জুটি হিসেবে আসছেন রণজয়-অভিকা। মেগায় খল নায়িকার চরিত্রে দেখা যেতে চলেছে স্বপ্নিলা চক্রবর্তীকে। অন্যদিকে, 'সব সময়' ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটা ওয়েব সিরিজের শুটিং সেরেছেন শ্যামৌপ্তি। পরিচালনায় অভ্রজিৎ সেন। ওই ওয়েব সিরিজে শ্যামৌপ্তির সঙ্গে ত্রিকোণ প্রেমে থাকবেন সৌম্য মুখার্জি ও সুহোত্র মুখার্জি।
