পরনে কালো ঘাগড়া-চোলি। গলায় রঙিন পালকের স্টোল। যেন কোনও আইটেম ডান্সার। কিন্তু ইনিই টলিপাড়ার এক নায়ক! চিনতে পারছেন? এই নায়কের নাম উদয় প্রতাপ সিং। আসলে 'পরিণীতা'য় আসছে বিরাট মোড়। আর সেই মোড়ের চমক হয়ে আসছে গল্পের নায়ক 'রায়ান' ওরফে উদয়।
সমাজমাধ্যমে নিজের নতুন লুকের ছবি পোস্ট করেছেন উদয়। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'শহরে নতুন শাকিরা এসেছে।' উদয়কে এই লুকে দেখে চমকে গিয়েছেন অনুরাগীরা। শুধু তাই-ই নয়, অভিনেতার সঙ্গে ঠাট্টা জুরে দিয়েছেন ছোটপর্দার অন্যান্য নায়করাও। রণজয় বিষ্ণু লিখেছেন, 'বেবি তুমি কি সিঙ্গেল?' জবাবে আবার রসিকতা করে উদয় লিখেছেন, 'শুধুমাত্র তোমার জনি তো আছি।' অন্যদিকে, অভিনেতা নীল ভট্টাচার্য লিখেছেন, 'আজ রাতে ডেটে যাবে?' বাদ যায়নি অভিষেক বীর শর্মাও। তিনিও মজার ছলে একটা হিন্দি গানের লাইন তুলে লিখেছেন, 'চলতি ক্যায় ৯ সে ১২।' এর মধ্যে সবচেয়ে নজর কেড়েছে উদয়ের স্ত্রী অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর কমেন্ট। তিনি উদয়ের এই লুক দেখে লিখেছেন, 'তুমি কি আমার ছম্মক ছল্লো হবে?'
অভিনেতার এই লুক এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই তাঁকে এক দেখায় চিনতেই পারেননি। 'পরিণীতা'র গল্পে যে নতুন মোড় আসছে তাতে দেখা গিয়েছে রুকু ও পারুল গাড়ি করে সন্ধেবেলা ডাক্তারের কাছে চেকআপ করতে যাচ্ছে। রুকু পারুলকে বলে, রায়ান বারবার করে বলে দিয়েছে সে যেন চেকআপ করিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরে।
রুকু আর পারুল নিজেদের মধ্যে গল্প করতে করতে খেয়াল করে না তারা গন্তব্য থেকে অন্যদিকে চলে এসেছে। একটু সন্দেহ হতেই গাড়ির ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। সে তাদের মুখে একটা স্প্রে করে দেয়, যার ফলে পারুল ও রুকু অজ্ঞান হয়ে যায়। আর তারপরেই দেখা যায়, ড্রাইভারের ছদ্মবেশে আসলে সংযুক্তা। সে ফের ষড়যন্ত্র করে পারুলকে বিপদে ফেলার জন্য।
যখন রুকু ও পারুলের জ্ঞান ফেরে তখন তারা দেখে, একটা ঘরে শুয়ে আছে। আর তাদের ঘিরে রেখেছে কয়েকজন গুণ্ডা। তারা পারুল ও রুকুকে বলে, তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে, বাইরে কাস্টমারদের সামনে নাচ করতে হবে! এই কথা শুনে পারুল ও রুকু দু'জনেই ভয় পায়। ভাবতে থাকে, এই বিপদের হাত থেকে কীভাবে উদ্ধার হবে তারা? এর মধ্যেই তারা দেখতে পায় সবার চোখে ধুলো দিয়ে মেয়ে সেজে ওই ডান্স বারে এসেছে রায়ান। বিপদের আঁচ পেয়ে আর চুপ করে বসে থাকতে পারেনি সে। তাই দিদি ও স্ত্রীকে বাঁচাতে চলে এসেছে। আর রায়ান ওই জায়গায় এসেছে আইটেম ডান্সারের লুকে। যাতে তাকে কেউ চিনতে না পারে। আর উদয় এই লুকের ছবিই সমাজমাধ্যমে ভাগ করেছেন।
















