টানটান উত্তেজনাপূর্ণ পর্ব আসছে স্টার জলসার ধারাবাহিক 'রাঙামতি তীরন্দাজ'-এ। ইতিমধ্যেই গল্পে দেখানো হয়েছে জঙ্গলের মধ্যে বন্দি হওয়ার সময় রাঙা তার মাকে খুঁজে পায়। ছোটবেলায় মাকে হারিয়ে ফেলেছিল রাঙামতি। এত বছর পর মাকে ফিরে পেয়ে যেন স্বস্তি ফিরেছে তার। এখন মায়ের সঙ্গে তাল মিলিয়ে সে-ও জঙ্গলের অধিকার রক্ষা করে। যদিও রাঙামতি পুলিশের বিশেষ বিভাগে কর্মরতা। তাই দেশের হয়ে সে কাজ করতে পিছপা হয় না। কিন্তু এর মধ্যেই খবর আসে বিমান দুর্ঘটনার ফলে রাঙামতির পুরো পরিবার মারা গিয়েছে।
খবর যদিও ভুয়ো। বিমান দুর্ঘটনা ঘটে ঠিকই, কিন্তু রাঙামতি, একলব্য, বিহু ও বৃন্দা আটকে পড়েছে ঘন জঙ্গলে। সেখানে আছে রাঙার মা-ও। রাঙার মা তাদের জানায় এই জঙ্গলে বহু বছর ধরে রয়েছে বিশাল সম্পদ। একটা গুহার ভিতরে তারা দেখে সোনা, হিরে, মুক্তে ভরা। রাঙামাতি ঠিক করে জীবন দিয়ে হলেও দেশের সম্পদ সে রক্ষা করবেই। এদিকে, কারসাজি করে বৃন্দা সেই জায়গার ম্যাপ ফোনে শেয়ার করে দেয় দুষ্কৃতীদের। রাঙা কি পারবে দেশের সম্পদ রক্ষা করতে? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? নতুন প্রোমো দেখে বেশ উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে।
রাঙামতিকে মাঝেমধ্যেই বিভিন্ন মিশনে যেতে দেখা যায়। কিছুদিন আগেই শহর কলকাতাকে নাকি বিপদের হাত থেকে বাঁচিয়েছিল রাঙামতি! বৃন্দার চক্রান্তের জেরে ভয়াবহ বিপদের মুখে পড়েছিল কলকাতা। শহরের টুইন টাওয়ারে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল সে। তাও পাঁচ কোটি টাকার বিনিময়ে। একই সঙ্গে শহরে এক মারণ রোগের ভাইরাস ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল! এই জোড়া বিপদের কথা জানতে পেরেছীল রাঙামতি এবং কম্পাস। দু'জনে একসঙ্গে জোট বেঁধে বিপদের মোকাবিলা করে শহরকে শত্রুর হাত থেকে বাঁচিয়েছিল।
প্রসঙ্গত, রাঙামতির 'অদ্ভুত' কীর্তি সোশ্যাল মিডিয়ার চর্চায় থাকে। নেটিজেনদের কটাক্ষের মুখেও বহুবার পড়েছে এই ধারাবাহিক। তবে টিআরপি তালিকায় মোটেই পিছিয়ে নেই 'রাঙামতি তীরন্দাজ'। প্রতি সপ্তাহে দারুণ চমক দেয় এই মেগা।
















