ভারতীয় উপমহাদেশে অন্যতম প্রচলিত ধারণা হল কালো মানেই কুৎসিত এবং ফর্সা মানেই সুন্দরী। আর এই ভাবনার জন্য বহু মানুষকেই বিভিন্ন সময় নানা অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়েছে। আর এই বিষয়টিকেই এবার গল্পের আকারে পর্দায় তুলে ধরবেন পরিচালক দেবপ্রসাদ। 

দেবপ্রসাদ পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি 'রং নেহি সোচ বদলো' শীঘ্রই মুক্তি পেতে চলেছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অনুজয় চট্টোপাধ্যায় এবং অঙ্কিতা দাসকে। এই ছবির মূল বিষয়বস্তুই হল গায়ের রং কখনই কারও মূল্য বা গুণের সমার্থক হতে পারে না। সেটার ভিত্তিতে কাউকে কদর করাও উচিত নয়। 
'রং নেহি সোচ বদলো' শর্ট ফিল্মটির গল্প লিখেছেন সৌরভ গুপ্ত। এডিট করেছেন অভীক মাইতি।

সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন উত্তরণ দে। ছবির পোস্টারে দেখা যাচ্ছে একজন শ্যামলা গায়ের রঙের ব্যক্তি একটি ক্রিমের টিউব চিপে ধরে আছেন। আর তার থেকে ক্রিম পড়ছে। 

ছবির নির্মাতাদের তরফে এই ছবির বিষয়ে জানানো হয়েছে ভারতে প্রায় প্রতিদিন প্রতিটি ভাষায় খুব সূক্ষ্ম ভাবে হলেও রেসিজিম দেখা যায়। যাঁদের গায়ের রং ফর্সা তাঁদের বেশি প্রাধান্য দেওয়া হয় সে সৌন্দর্যের গুণমানের ক্ষেত্রে হোক বা বিয়ের বিজ্ঞাপন বা অন্যান্য বিজ্ঞাপনে। ফর্সা হলেই যেন সাফল্য, শ্রদ্ধা সহজেই অর্জন করা যায়। আর এই গল্পের মূল চরিত্রের সেগুলোই নেই। ফলে সে সাধারণ লোকের ভাষায় কালো হওয়ায় হীনমন্যতায় ভোগে। কী ঘটে তারপর সেটা নিয়েই 'রং নেহি সোচ বদলো' ছবিটি।