শুটিং সেটের ছবি বা ভিডিও অনলাইনে ফাঁস হয়ে যাওয়া বর্তমানে বিনোদন জগতের এক নিত্যনৈমিত্তিক ঘটনায় দাঁড়িয়েছে। রণবীর কাপুরের ‘রামায়ণ’ থেকে শাহরুখ খানের ‘কিং’— বাদ যায়নি কিছুই। এবার এই তালিকায় জুড়েছে রণদীপ হুডার বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘ইন্সপেক্টর অবিনাশ সিজন ২’। তবে বিষয়টিকে নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ স্বয়ং রণদীপ। তাঁর মতে, এই ‘লিক’ হওয়ার নেপথ্যে অনেক সময় থাকে সুপরিকল্পিত কোনো ‘পিআর গেম’ বা প্রচারের কৌশল।

আগামীকাল, ১৫ মে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে সিরিজের দ্বিতীয় সিজন। তার আগেই সেটের তথ্য ফাঁস হওয়া প্রসঙ্গ নিয়ে এক সাক্ষাৎকারে নিজের ক্ষোভ উগরে দিলেন অভিনেতা।

রণদীপ হুডার দাবি, শুটিংয়ের খুঁটিনাটি ফাঁস হওয়া অনেক ক্ষেত্রে নির্মাতাদের কাছেই বড় অস্ত্র। তিনি বলেন, “আমার মনে একটা গভীর সন্দেহ আছে যে, এই লিক হওয়ার ঘটনাগুলোর অনেকটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়। এটি একটি দারুণ ‘পিআর পেগ’। যদিও এটা দুঃখজনক, কিন্তু অনেকেই বিষয়টিকে নিজেদের সুবিধার্থে ব্যবহার করেন এবং অহেতুক হুলুস্থুল সৃষ্টি করে প্রচার পাওয়ার চেষ্টা করেন।”

রণদীপ বিষয়টিকে প্রচারের কৌশল হিসেবে দেখলেও, সিরিজের পরিচালক নীরজ পাঠক একে ‘ট্র্যাজেডি’ হিসেবেই বর্ণনা করেছেন। তাঁর মতে, একজন পরিচালক বা লেখক বছরের পর বছর ধরে যে ম্যাজিক বা সারপ্রাইজ তৈরি করার চেষ্টা করেন, একটি ছোট লিক ভিডিও তা মুহূর্তেই মাটি করে দেয়।

 

 

নীরজ বলেন, “রণদীপ ‘স্বাতন্ত্র্য বীর সাভারকর’ বা এই প্রজেক্টের জন্য নিজের লুক নিয়ে প্রচুর পরিশ্রম করেছেন। সেই লুক যদি আগেই সামনে চলে আসে, তবে দর্শকের উত্তেজনার পারদ কমে যায়। যারা এই লিক করার নেপথ্যে থাকে, তারা এর মাধ্যমে টাকা কামায়, যা সত্যিই দুর্ভাগ্যজনক।”


নয়ের দশকের শেষের দিকে উত্তরপ্রদেশের এক দুঁদে পুলিশ অফিসারের জীবন অবলম্বনে তৈরি এই সিরিজের প্রথম সিজন ছিল সুপারহিট। তবে দ্বিতীয় সিজন হতে চলেছে আরও অন্ধকার এবং রহস্যময়। ট্রেলার অনুযায়ী -

অবিনাশ মিশ্রর ছেলে নিজেই একটি খুনের মামলায় জড়িয়ে পড়ে।

যে সিস্টেমের জন্য অবিনাশ জীবন উৎসর্গ করেছেন, সেই সিস্টেমই তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং তাঁকে বরখাস্ত করা হয়।

পরিবারকে রক্ষা করা এবং নিজের সততা প্রমাণ করার লড়াই নিয়েই এগোবে এবারের গল্প।


রণদীপ হুডার পাশাপাশি এই সিরিজে অভিনয় করেছেন উর্বশী রউটেলা, অমিত শিয়াল, অভিমন্যু সিং, রজনীশ দুগ্গল, শালিন ভানোট এবং ফ্রেডি দারুওয়ালা। সিরিজটি ১৫ মে থেকে জিও-হটস্টার-এ দেখা যাবে।