'ধুরন্ধর' ফ্র্যাঞ্চাইজি যেন নতুন অক্ষয় খান্নাকে এক পরিচিতি এনে দিয়েছে। তবে এই ছবিতে তিনি 'রেহমান ডাকাত' হয়ে নজর কাড়ার আগে, 'ছাবা' ছবিতে 'ঔরঙ্গজেব' হয়ে তাক লাগান। তাঁর শরীরী ভাষা, অভিনয় দেখে মুগ্ধ হয় দর্শক। কিন্তু জানেন কি প্রথমে এই চরিত্রটির অফার মোটেও তাঁর কাছে যায়নি। বরং 'ছাবা' ছবিটির ঔরঙ্গজেব হওয়ার প্রস্তাব পেয়েছিলেন রণদীপ হুডা। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। কেন? এবার নিজেই তার কারণ জানালেন। 

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রণদীপ জানান 'স্বতন্ত্র বীর সাভারকর' ছবিটির জন্য তাঁকে তাঁর চেহারায় ব্যাপক পরিবর্তন আনতে হয়েছিল। প্রচণ্ড রোগা হয়েছিলেন তিনি। আর এই শারীরিক পরিবর্তনের কারণেই রণদীপ মনে করেছিলেন তিনি ঔরঙ্গজেবের চরিত্রটি ভাল ভাবে ফুটিয়ে তুলতে পারবেন না পর্দায়। তাঁকে মানাবে না। শুধু তাই নয়, সেই সময় তিনি একটি কেস নিয়েও বেশ ব্যস্ত ছিলেন। 'স্বতন্ত্র বীর সাভারকর' ছবিটি কার ইন্টেলেকচুয়াল প্রপার্টি সেই নিয়ে রণদীপ প্রযোজকদের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন। বিষয়টি কোর্ট অবধি গড়ায়। একটি রাজনৈতিক ছবিকে নিয়ে এমন অভিজ্ঞতা হওয়ার পর তিনি নতুন করে রাজনৈতিক ভাবে সেনসিটিভ কোনও চরিত্রে অভিনয়ও করতে চাননি বলেই জানান। 

রণদীপ এই প্রসঙ্গে বলেন, 'আমি সেই সময় একটি কেস নিয়ে জর্জরিত ছিলাম। এত বেশি হিন্দু মুসলিম জিনিস নিয়ে ঘেঁটে ছিলাম, আমি নতুন করে সেই একই বিষয়ে কাজ করতে চাইনি।'

রণদীপ হুডাকে লক্ষ্মণ উটেকর পরিচালিত ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী নির্ভর ছবি 'ছাবা'য় দেখা না গেলেও তাঁকে আগামীতে একটি বায়োপিক ছবিতে দেখা যেতে চলেছে। সেখানে তিনি মারাঠি তামাশা এবং লাবণী শিল্পী বিথাবাই ভাউ মাং নারায়ণগাঁওকরের চরিত্রে অভিনয় করবেন। তাঁর বিপরীতে থাকবেন শ্রদ্ধা কাপুর। 

রণদীপ 'ছাবা'য় কাজ না করলেও এটি ২০২৫ সালের অন্যতম বড় হিট। বলা ভাল ব্লকবাস্টার হিট ছবি। ভিকি কৌশলকে সম্ভাজি মহারাজের চরিত্রে দেখা গিয়েছিল। তাঁর বিপরীতে ছিলেন রশ্মিকা মন্দানা। বিশ্বজুড়ে ছবিটি ৮০৮ কোটি টাকার ব্যবসা করেছিল। তাঁরা দু'জন ছাড়াও ছবিটিতে ছিলেন বিনীত কুমার সিং, আশুতোষ রানা, দিব্যা দত্ত, প্রমুখ। 

রণদীপ হুডাকে সম্প্রতি :ইন্সপেক্টর অবিনাশ সিজন ২: সিরিজে দেখা গিয়েছে। এই শোয়ের পরিচালনা করেছেন নীরজ পাঠক। ১৫ মে থেকে জিও হটস্টারে দেখা যাচ্ছে এই শো।