গত বছর বক্স অফিসে ঝড় তোলা ‘সাইয়ারা’ ছবির সাফল্যের পর থেকেই পরিচালক মোহিত সুরি-কে ঘিরে বলিউডে আলোচনা থামছেই না। নতুন মুখ আহান পাণ্ডে ও অনিত পাড্ডা-কে নিয়ে তৈরি সেই ছবিই মুক্তির পর দ্রুত জনপ্রিয়তা পায় এবং বছরের অন্যতম বড় হিট হিসেবে জায়গা করে নেয়। ছবির প্রচারেও বরাবরই সক্রিয় ছিলেন মোহিত সুরি। মুক্তির আগে থেকে শুরু করে পরেও বিভিন্ন অনুষ্ঠানে ‘সইয়ারা’ টিমকে সঙ্গে নিয়ে হাজির হতে দেখা গিয়েছিল তাঁকে।

তবে সাফল্যের সেই অধ্যায় পিছনে ফেলে এবার নতুন ছবির প্রস্তুতিতে ব্যস্ত পরিচালক। ইন্ডাস্ট্রির একাধিক সূত্রের দাবি, তাঁর পরবর্তী প্রজেক্টটি হতে চলেছে প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের ব্যানারে। ইতিমধ্যেই ছবির প্রাথমিক পরিকল্পনা শুরু হয়ে গেছে এবং সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ছবির সম্ভাব্য কাস্টিং ঘিরে।

বলিউডের অন্দরের খবর, এই ছবির নায়ক হিসেবে ভাবা হচ্ছে অভিনেতা রণবীর কাপুর-কে। যদিও নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি, তবু বিভিন্ন মহলে রণবীরের নামই জোর গুঞ্জন হিসেবে ঘুরছে। তবে ছবির নায়িকা কে হবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। জানা গিয়েছে, সেই চরিত্রের জন্যই এখন চলছে কাস্টিংয়ের প্রক্রিয়া। নতুন কাউকে নেওয়া হলে অডিশনও নেওয়া হতে পারে। ফলে রণবীরের বিপরীতে নতুন কোনও মুখ দেখা যাবে নাকি প্রতিষ্ঠিত অভিনেত্রী—তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।

রোম্যান্টিক ও আবেগঘন গল্প বলার জন্য মোহিত সুরি দীর্ঘদিন ধরেই আলাদা পরিচিতি তৈরি করেছেন। তাঁর পরিচালিত ‘কলিযুগ’, ‘জেহের’, ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউজ’, ‘মার্ডার ২’ এবং ‘আশিকি ২’—প্রতিটি ছবিই দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। সেই কারণেই রণবীর কাপুরকে নিয়ে তাঁর সম্ভাব্য নতুন ছবিটিও কোন ঘরানার হবে, তা নিয়েও কৌতূহল বাড়ছে।

অন্যদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় কাটাচ্ছেন রণবীর কাপুর। তিনি বর্তমানে শুটিং করছেন লভ অ্যান্ড ওয়ার ছবির। এরপর তাঁর হাতে রয়েছে বড় বাজেটের ছবি ‘রামায়ণ’। পাশাপাশি শোনা যাচ্ছে জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ধুম ৪’-এও তাঁকে দেখা যেতে পারে। যদিও সেই খবর এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

এই জল্পনার মাঝেই সম্প্রতি নিজের পরবর্তী ছবি নিয়ে মন্তব্য করেছেন মোহিত সুরি। যদিও সেই মন্তব্যে মিশে রয়েছে চূড়ান্ত সতর্কতা ও সংযম। তিনি জানান, তিনি এখনও নতুন ছবির চিত্রনাট্য লেখার পর্যায়ে রয়েছেন এবং কাস্টিংও এখনও চূড়ান্ত হয়নি।

তবু বলিউডের অন্দরমহলে গুঞ্জন থামছে না, সব কিছু পরিকল্পনা মতো এগোলে মোহিত সুরির পরবর্তী ছবিতে রণবীর কাপুরকে দেখা যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এখন দেখার, এই জল্পনা কতটা সত্যি প্রমাণিত হয় এবং কবে সামনে আসে ছবির আনুষ্ঠানিক ঘোষণা।

 

&t=371s