ডিসেম্বরে মুক্তির পর থেকেই পরিচালক আদিত্য ধরের ছবি ‘ধুরন্ধর’ নিয়ে গোটা দেশ জুড়ে চলছে আলোচনা। কেউ মুগ্ধ হয়েছেন রণবীর সিং-এর অভিনয়ে, আবার অনেকেই প্রশংসা করেছেন অক্ষয় খান্নার উপস্থিতি ও ব্যক্তিত্বের। এবার সেই তালিকায় যোগ দিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর।
সম্প্রতি নিজের পোশাক ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভক্তদের সঙ্গে লাইভ আড্ডা দিতে এসেছিলেন রণবীর। সেখানেই নানান কথোপকথনের মাঝে এই ছবি নিয়ে কথা বলেন তিনি। সেখানেই ‘ধুরন্ধর’-কে এইমুহূর্তে নিজের প্রিয় ছবি বলে জানান রণবীর। অভিনেতার কথায়, ছবিটি তিনি ভীষণ উপভোগ করেছেন এবং গোটা কাস্ট ও ক্রুর কাজকেও প্রশংসা করেন তিনি।

লাইভে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেন অভিনেতা। তিনি জানান, পরিচালক নিতেশ তিওয়ারি-র রামায়ণ:পার্ট ওয়ান-ই হবে তাঁর পরবর্তী মুক্তিপ্রাপ্ত ছবি। ফলে ধারণা করা হচ্ছে, তাঁর আরেকটি ছবি লভ অ্যান্ড ওয়ার সম্ভবত আগামী বছর মুক্তি পাবে।
অন্যদিকে, ‘ধুরন্ধর’ নিয়ে মুখ খুলেছেন অভিনেতা সানি দেওলও। ছবির একটি দৃশ্যে রণবীর সিং-এর চরিত্রকে বলতে শোনা যায়, “ঘায়েল হুঁ, ইসিলিয়ে ঘাতক হুঁ।” উল্লেখযোগ্য, ‘ঘায়েল’ ও ‘ঘাতক’ দুটি-ই সানির জনপ্রিয় ছবির নাম। এই সংলাপ প্রসঙ্গে সানি বলেন, ছবির পরিচালক তাঁর বড় ভক্ত এবং তাঁর পুরনো ছবিগুলি দেখেই হয়তো শ্রদ্ধা জানাতেই এই সংলাপ ব্যবহার করেছেন। তাঁর মতে, এটি অত্যন্ত মিষ্টি একটি সম্মান।সম্প্রতি সানিকে দেখা গিয়েছে ‘বর্ডার ২’-এ, যেখানে ‘ধুরন্ধর’-এর অভিনেতা অক্ষয় খান্নাকে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল।

এদিকে দর্শকরা এখন অপেক্ষা করছেন ছবির সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর জন্য। এই ছবিতে অভিনয় করছেন অর্জুন রামপাল, আর মাধবন, সঞ্জয় দত্ত সহ আরও অনেকে। ছবিটি মুক্তি পাওয়ার কথা ১৯ মার্চ।
অন্যদিকে, ২০২৬ সালে বলিউডের অন্যতম আলোচিত ও প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’। রণবীর কাপুর অভিনীত এই ছবিকে ঘিরে প্রথম থেকেই দর্শক মহলে উন্মাদনা তুঙ্গে। এবার শোনা যাচ্ছে, এই মহাকাব্যিক ছবিটির যাত্রা শুরু হতে চলেছে একেবারে রাজকীয় আয়োজনের মাধ্যমে। রামনবমীর দিনে মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়াতে ছবিটির গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।সূত্রের খবর, পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজকরা চাইছেন, ‘রামায়ণ’ শুধুই একটি সিনেমা না হয়ে দর্শকদের কাছে এক বিশেষ অভিজ্ঞতা হয়ে উঠুক। সেই কারণেই রামনবমীর মতো গুরুত্বপূর্ণ দিনে বিটাউনের এমন একটি বিশেষ জায়গাকে বেছে নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে প্রথমবার ছবির প্রধান চরিত্রগুলোর লুক প্রকাশ্যে আসতে পারে বলে জল্পনা চলছে।

রাম নবমীর এই লঞ্চ অনুষ্ঠানে বলিউডের প্রথম সারির তারকারা ছাড়াও প্রযোজক, পরিচালক ও বিশেষ অতিথিরা উপস্থিত থাকতে পারেন। বিরাট এই আয়োজনে সামিল হতে পারেন মহারাষ্ট্র এবং কেন্দ্রীয় সরকারের তাবড় নেতা-মন্ত্রীরাও। বি-টাউনে কান পাতলে শোনা যাচ্ছে, এক মাস আগে থেকেই এই হাইভোল্টেজ ইভেন্টের জন্য আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছেন প্রযোজক। নির্মাতারা চাইছেন, এই অনুষ্ঠান যেন শুধু সিনেমার প্রচার না হয়ে একটি বড় সাংস্কৃতিক ইভেন্টে পরিণত হয়। আলো, সঙ্গীত, ভিজ্যুয়াল প্রেজেন্টেশন এবং বিশেষ আয়োজনের মাধ্যমে মহাকাব্যের আবহ তৈরি করার পরিকল্পনা রয়েছে।
&t=313s
‘রামায়ণ’ ছবিটি দু'টি ভাগে মুক্তি পাওয়ার কথা। প্রথম ভাগ মুক্তি পেতে পারে ২০২৬ সালের দীপাবলিতে, আর দ্বিতীয় ভাগ আসবে তার পরের বছর। এই ছবির জন্য বিপুল বাজেট বরাদ্দ করা হয়েছে। ভিএফএক্স, সেট ডিজাইন এবং পোশাকের ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখার চেষ্টা করছেন নির্মাতারা।
