সদ্যই মুক্তি পেয়েছে সাই পল্লবী অভিনীত নতুন ছবি 'এক দিন'। কিন্তু একদিকে যেখানে বক্স অফিসে ছবিটির হাঁড়ির হাল অবস্থা, সেখানেই আরও এক দিকে 'রামায়ণ' ছবির নির্মাতারাও মোটেই খুশি নন অভিনেত্রীর এই কাজ দেখে? রটেছে তেমনই জল্পনা! প্রসঙ্গত, 'রামায়ণ' ছবিটিতে রণবীর কাপুরের বিপরীতে সীতার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে। 

'এক দিন' ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে মুক্তি পেতেই। অন্যদিকে এই ছবিতে সাই পল্লবীর হিন্দি উচ্চারণ নিয়েও চলছে বিস্তর ট্রোলিং। তারপরই অভিনেত্রীর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিলেন 'রামায়ণ' ছবির নির্মাতারা। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, 'রামায়ণ' ছবির নির্মাতারা ভাবছেন সাই পল্লবীর ডায়লগগুলো অন্য কাউকে দিয়ে ডাবিং করাবেন। সূত্রের খবর অনুযায়ী, তাঁরা এটা নিশ্চিত করতে চাইছেন যাতে ভাষাটা শুনতে ভাল লাগে। কেন? যেহেতু 'রামায়ণ' ছবিতে সাই পল্লবী সীতার মতো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন, তাই তাঁর উচ্চারণ স্পষ্ট ও নিখুঁত হওয়া জরুরি। যদিও এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সবটাই রয়েছে চর্চায় পর্যায়। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'এক দিন' ছবিটিতে সাই পল্লবীর বিপরীতে রয়েছেন আমির খানের ছেলে জুনায়েদ খান। গত ১ মে মুক্তি পেয়েছে ছবিটি। এই ছবির জন্য গান গেয়েছেন অরিজিৎ সিং। কিন্তু বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারল না ছবিটি। 

'এক দিন' ছবিটির প্রচারে গিয়ে সাই পল্লবী হিন্দিতে কথা বলেন। তাঁর সেই ভিডিও বর্তমানে ভাইরাল। সেখানেই অভিনেত্রীর হিন্দি নিয়ে ট্রোল করছে নেটপাড়া। এক ব্যক্তি লেখেন, 'দেখুন অবস্থা, হিন্দির সাধারণ কিছু শব্দ পর্যন্ত বলতে পারছে না!' আরও এক ব্যক্তি লেখেন, 'ঠিক করে হিন্দি বলতে পারছে না, একে সীতা হিসেবে নিল কীভাবে? ভয়ঙ্কর কাস্টিং।' এমন ট্রোলিং শুরুর পরই 'রামায়ণ' ছবিতে সাই পল্লবীর সংলাপ ডাবিংয়ের জল্পনা শুরু হয়েছে। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, নীতীশ তিওয়ারির 'রামায়ণ' ছবির জন্য সীতা হিসেবে প্রথমে আলিয়া ভাটকে ভাবা হয়। কিন্তু ডেট না ম্যাচ করায় পরবর্তীতে সেই জায়গা নেন সাই পল্লবী। রণবীর কাপুরকে এই ছবিতে রামের ভূমিকায় দেখা যাবে। যশ হবেন রাবণ। চলতি বছরের দীপাবলির সময় মুক্তি পাবে 'রামায়ণ' -এর প্রথম পার্ট। ২০২৭ সালের দীপাবলিতে আসবে ছবিটির দ্বিতীয় ভাগ।