টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
পিছিয়ে গেল 'রামায়ণ'-এর ট্রেলার
বড়সড় ধাক্কা খেল বহু প্রতীক্ষিত ছবি 'রামায়ণ'। নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না এই ছবির ট্রেলার। হঠাৎ করেই ট্রেলার লঞ্চ পিছিয়ে দেওয়ার ঘোষণা করেছেন প্রযোজক নমিত মালহোত্রা। কিছুদিন আগেই খবর ছিল, কমিক-কন-এর মঞ্চে বিশ্বজুড়ে লঞ্চ হবে রণবীর কাপুর ও যশ অভিনীত এই মেগা বাজেটের ছবির প্রথম ঝলক। কিন্তু শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে যায়। প্রযোজক জানিয়েছেন, 'সোনি পিকচার্স'-এর সঙ্গে হাত মিলিয়ে এবার আন্তর্জাতিক স্তরে একসঙ্গে বড় আকারে ট্রেলারটি আনা হবে। তবে কবে নাগাদ এই ট্রেলার মুক্তি পাবে, সে বিষয়ে এখনও পাকাপাকি কোনও দিনক্ষণ জানাননি নির্মাতারা। নিতেশ তিওয়ারির পরিচালনায় রাম এবং রাবণের মতো আইকনিক চরিত্রে রণবীর ও যশের অভিনয় দেখতে মুখিয়ে ছিলেন দর্শকরা। হঠাৎ ট্রেলার পিছিয়ে যাওয়ায় স্বভাবতই মন খারাপ অনুরাগীদের। তবে নির্মাতাদের আশা, সঠিক সময়ে বিশ্বমঞ্চে এই ছবি এক নতুন ইতিহাস তৈরি করবে।
ছাত্রদের পাশে মানসী
নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে চলা ছাত্র আন্দোলনে সমর্থন জানালেন অভিনেত্রী মানসী চিল্লার। সেই সঙ্গে তিনি স্মৃতি রোমন্থন করে জানান যে, ২০১৫ সালে পেপার লিক হয়ে যাওয়ার কারণে তাঁকেও দু’বার এই প্রবেশিকা পরীক্ষা দিতে হয়েছিল। ইনস্টাগ্রামে একটি পোস্টে মানসী লিখেছেন, এই ধরনের ঘটনা পরীক্ষার্থীদের ওপর ভীষণভাবে মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করে। তাঁর মতে, শিক্ষা হল অন্যায়ে ভরা পৃথিবীতে সবচেয়ে বড় সমতার হাতিয়ার। তাই কাঠামোগত সংস্কারের দাবি তোলার অর্থ এই নয় যে দেশের প্রতিষ্ঠানের প্রতি কোনও অনাস্থা রয়েছে। তিনি আরও বলেন, এত বছর পর এসেও পরিস্থিতি বদলায়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যের।
ইতিহাস গড়লেন বিজয়
দক্ষিণী ছবির 'সুপারস্টার' ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থলপতি বিজয়ের নতুন ছবি ‘জন নয়াগন’ মুক্তি পাওয়ার আগেই এক অবিশ্বাস্য ইতিহাস গড়ে ফেলেছিল। ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম কোনও অভিনেতা হিসেবে তিনি প্রি-সেলস বা অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে এক মিলিয়নের (দশ লাখ) দুর্দান্ত হ্যাটট্রিক করলেন। এর আগে বিজয়ের ‘বারিসু’ এবং ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’ (গোট) ছবিগুলোও মুক্তির আগে টিকিট বুকিংয়ে এক মিলিয়নের গণ্ডি পেরিয়েছিল। এবার ‘জন নয়াগন’ ছবিটির মাধ্যমে সেই একই রেকর্ড গড়ে তিনি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। ইতিমধ্যেই বক্স অফিসে দারুণ ফল করছে সদ্য মুক্তিপ্রাপ্ত এই ছবিটি।
















