অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল রণবীর কাপুর, যশ, সাই পল্লবী অভিনীত 'রামায়ণ' ছবির ট্রেলার। নীতীশ তিওয়ারি পরিচালিত এই ছবির ঝলক মুক্তি পেতেই হইচই পড়ে গিয়েছে। 'রামায়ণ' -এর ঝলকে ফুটে উঠল কোন দৃশ্য? 

'রামায়ণ' -এর ট্রেলার থেকে এটুকু স্পষ্ট এই ছবিতে মহাকাব্যের কম আলোচিত বিষয়ও ডিটেলে দেখানো হবে। ঝলকের একদম গোড়াতে দেখা যায়, রাবণ কীভাবে লঙ্কার রাজা হল। তার দোর্দণ্ডপ্রতাপ, যুদ্ধের শৈলী, ত্রিলোকের রাজা হয়ে ওঠার গল্প। এরপরই দেখা মেলে রাম-বেশী রণবীর কাপুরের। তাঁর যুদ্ধ শৈলী, বাবার কথা রাখা, সবটাই একে একে ফুটে ওঠে পর্দায়। দেখা যায় সীতা হিসেবে সাই পল্লবীকেও। কৈকেয়ী, মন্থরা, লক্ষ্মণ, সূর্পনখা, দশরথ প্রমুখকে দেখা যায়। এক ঝলক দেখা যায় ভরতকেও। তবে নেটপাড়ার নজর কেড়েছে ঐরাবত এবং জটায়ুর দৃশ্য। 

মারিচ যেভাবে সোনার হরিণের মায়া তৈরি করেছিল, সেই অংশটিকে একেবারে অন্যভাবে ফুটে তোলা হয়েছে যে ছবিতে সেটার ইঙ্গিত ট্রেলারে পাওয়া গেল। তবে বিষ্ণু হিসেবে ছবিতে কাকে দেখা যাবে সেটা নিয়ে সন্দিহান নেটপাড়া। রণবীরই কি বিষ্ণু হয়েছেন, নাকি সৌরভ রাজ জৈন তাই নিয়ে দ্বিধা বিভক্ত নেটপাড়া। 

এদিন 'রামায়ণ' ছবির ট্রেলার আরও একটি প্রশ্ন তুলে দিল। রামায়ণের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রের একটু হলেও ঝলক ট্রেলারে দেখা গিয়েছে, কেবল হনুমান নেই। সানি দেওলকে দেখানো হয়নি। আর তাই নিয়েই সকলের প্রশ্ন 'হনুমান কোথায়?', 'ট্রেলারে এত গুরুত্বপূর্ণ চরিত্র নেই কেন?', ইত্যাদি। 

তবে মোটের উপর 'রামায়ণ' ছবির ট্রেলার মুক্তি পেতেই দর্শকদের থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। মাত্র চার ঘণ্টায় কয়েক লক্ষবার দেখা হয়েছে এই ভিডিও। শুধুই কি তাই, রীতিমত চর্চা, কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে। বলাই বাহুল্য, 'রামায়ণ' ছবির ট্রেলার জুড়ে ভিএফএক্সের দাপাদাপি দেখা গিয়েছে। নজর কেড়েছে পুষ্পক রথ থেকে রাবণের যুদ্ধের দৃশ্য। কেউ কেউ প্রভাসের 'আদিপুরুষ' ছবিটির সঙ্গেও তুলনা টেনে রণবীরের ছবিকে এগিয়ে রেখেছেন। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, নমিত মালহোত্রা প্রযোজিত ছবিটির পরিচালনা করেছেন নীতীশ তিওয়ারি। মুখ্য ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর, সাই পল্লবী, সানি দেওল, রবি দুবে, যশ, রকুলপ্রীত সিং, অমিতাভ বচ্চন, প্রমুখ। চলতি বছরের দীপাবলির সময় এই ছবির প্রথম ভাগ মুক্তি পাবে। আর দ্বিতীয় ভাগ ২০২৭ এর দীপাবলিতে।