টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
ফাঁস 'রামায়ণ'-এর ট্রেলার
নিতেশ তিওয়ারির 'রামায়ণ' নিয়ে ঝামেলা যেন কিছুতেই থামছে না। নির্ধারিত দিনে অফিশিয়াল ট্রেলার সামনে আসার কথা থাকলেও, শেষ মুহূর্তে তা স্থগিত রাখা হয়। আর ঠিক তারপরেই নেটপাড়ায় ফাঁস হয়ে গিয়েছে ছবির বেশ কিছু ক্লিপ। সোশ্যাল মিডিয়ায় এখন এই লিক হওয়া ভিডিওগুলো দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বেশি চর্চা হচ্ছে ছবিতে দক্ষিণী সুপারস্টার যশের এন্ট্রি নিয়ে। রাবণের চরিত্রে তাঁর লুক ও অভিনয় নাকি আলাদা নজর কেড়েছে। যদিও ভিডিওগুলোর কোয়ালিটি বেশ খারাপ, তবুও রণবীর কাপুর অভিনীত এই মহাকাব্যিক প্রজেক্টের স্কেল, ভিএফএক্স আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখে উচ্ছ্বসিত ভক্তরা। অন্যদিকে, সময়ের আগে এভাবে ট্রেলার ছড়িয়ে পড়ার বিষয়টা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কিছু নেটিজেন।
তানিষ্ককে সতর্কবার্তা আমালের
বলিউডের অন্দরে সুরকার আমাল মালিক আর তানিষ্ক বাগচীর দ্বন্দ্ব এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। 'সাইয়ারা'র (Saiyaara) গানকে কেন্দ্র করে তৈরি হওয়া এই বিতর্কে নতুন মোড় এনেছেন আমাল। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি মিম শেয়ার করে তানিষ্ককে আক্রমণ করেছেন। তবে টুইট যুদ্ধ ঝড়ের বেগে ছড়িয়ে পড়ার পরেই সেই পোস্টগুলো মুছে ফেলেন আমাল। কিন্তু তাতে বিতর্ক থামেনি, বরং তিনি একটি কড়া সতর্কবার্তা ছুড়ে দিয়েছেন। সাফ জানিয়ে দিয়েছেন, 'অকাত মে রেহনা' অর্থাৎ সীমার মধ্যে থাকাই শ্রেয়। এই ঘটনার পর থেকেই বলিপাড়ার অন্দরে গুঞ্জন শুরু হয়েছে। এক্ষেত্রে অনুরাগীরাও দু'ভাগে বিভক্ত হয়ে গিয়েছে।
বিজয়ের নামে ভুয়ো পোস্ট!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেতা বিজয় বর্মার নাম জড়িয়ে একটি বিতর্কিত পোস্ট ভাইরাল হয়ে পড়ে। সংরক্ষণ ব্যবস্থা এবং অর্থনৈতিক সুবিধা নিয়ে তৈরি ওই ভুয়ো পোস্টটি নেটপাড়ায় ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মাঝে নানা জল্পনা শুরু হয়। অনেকেই ধরে নেন যে পোস্টটিতে বিজয় বর্মাই নিজস্ব মতামত প্রকাশ করছে। তবে বিষয়টি অভিনেতার কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তিনি স্পষ্ট ভাষায় সমস্ত বিভ্রান্তি দূর করেন। মাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) নিজের অবস্থান পরিষ্কার করে বিজয় সাফ জানিয়ে দেন যে এই ধরনের কোনও পোস্ট তিনি কখনওই করেননি এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই বার্তা সম্পূর্ণ ভিত্তিহীন।
















