তাণ্ডবের নাম ‘ধুরন্ধর’!
ভারতীয় সিনেমার বক্স অফিস মানচিত্র বদলে দিলেন রণবীর সিং এবং পরিচালক আদিত্য ধর। মাত্র দুটি ছবির মাধ্যমেই বিশ্বজুড়ে ৩০০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ইতিহাস তৈরি করল ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি। এর আগে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির ‘বাহুবলী’ বা ‘পুষ্পা’ সিরিজ এই বিপুল অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেনি। রণবীর সিং এবং সারা অর্জুন অভিনীত এই সিরিজই এখন ভারতের সর্বোচ্চ উপার্জনকারী ফ্র্যাঞ্চাইজি।
ধুরন্ধর (পার্ট ১): গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল। হিন্দি বলয় ছাড়া পাকিস্তান ও উপসাগরীয় দেশগুলোতে ছবিটি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বিশ্বজুড়ে ১৩০৭ কোটি টাকার গ্রস কালেকশন করে সবাইকে চমকে দিয়েছিল।ধুরন্ধর: দ্য রিভেঞ্জ (পার্ট ২): গত ১৯ মার্চ মুক্তি পাওয়া এই ছবিটি হিন্দি ছাড়াও দক্ষিণী সব ভাষাতেও রিলিজ করা হয়। যশের ‘টক্সিক’-এর মতো বড় বড় ছবি পিছিয়ে যাওয়ায় ফাঁকা মাঠে গোল করে ছবিটি। স্যাকনিল্কের (Sacnilk) রিপোর্ট অনুযায়ী, পার্ট ২ ইতিমধ্যেই ১৭১২ কোটি টাকার বেশি কামিয়ে নিয়েছে।মোট কালেকশন: দুই ছবি মিলিয়ে ফ্র্যাঞ্চাইজির মোট আয় ৩০১৯ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।
‘ব্রহ্মাস্ত্র ২’ বানাবেন ‘রামায়ণ’ প্রযোজক?
২০২২ সালে রণবীর কাপুর, আলিয়া ভাট এবং অমিতাভ বচ্চন অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ বক্স অফিসে ঝড় তুলেছিল। ভারতীয় পুরাণ আর ফ্যান্টাসির মিশেলে তৈরি ‘অস্ত্রভার্স’-এর পরবর্তী অধ্যায় অর্থাৎ ‘ব্রহ্মাস্ত্র ২’-এর জন্য দর্শকরা চাতক পাখির মতো চেয়ে আছেন। এবার সেই অপেক্ষার অবসান হতে পারে। শোনা যাচ্ছে, নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির প্রযোজক নমিত মালহোত্রা এবার অয়ন মুখোপাধ্যায়ের এই ড্রিম প্রজেক্টের দায়িত্ব নিতে চলেছেন।সম্প্রতি লাস ভেগাসে আয়োজিত ‘সিনেমা-কন ২০২৬’ -এ হাজির হয়েছিলেন ‘রামায়ণ’ প্রযোজক নমিত মালহোত্রা এবং অভিনেতা যশ (যিনি রামায়ণে রাবণ চরিত্রে অভিনয় করছেন)। সেখানে এক সাক্ষাৎকারে নমিত মালহোত্রা ইঙ্গিত দিয়েছেন যে, তিনি ‘অস্ত্রভার্স’-কে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী এবং ‘ব্রহ্মাস্ত্র ২’-এর পেছনে তাঁর বিনিয়োগ থাকতে পারে। যদিও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শুরু হয়েছে যে নমিতের গ্রাফিক কোম্পানি ‘ডিএনইজি’-এর হাত ধরেই এই ছবির ভিএফএক্স আরও উন্নত স্তরে পৌঁছাবে।
প্রসঙ্গত ‘ব্রহ্মাস্ত্র ’প্রথম পার্টের শেষে ‘দেব’ চরিত্রটি নিয়ে যে রহস্য দানা বেঁধেছিল, তা দ্বিতীয় পার্টে খোলসা হওয়ার কথা। রণবীর সিং না কি হৃতিক রোশন— কে হবেন ব্রহ্মাস্ত্রের পরবর্তী কাণ্ডারি, তা নিয়ে জল্পনা তুঙ্গে। নমিত মালহোত্রা যুক্ত হওয়া মানে বাজেটের চিন্তা আর থাকছে না, যা এই বিশাল স্কেলের ছবির জন্য অত্যন্ত জরুরি ছিল।
ফারহানের অভিনব শ্রদ্ধাজ্ঞাপন
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশ যখন শোকাচ্ছন্ন, তখন সুরের মাধ্যমেই তাঁকে শ্রদ্ধা জানালেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার। জালন্ধরের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে এক কনসার্টে হাজির হয়ে হাজার হাজার পড়ুয়ার সামনে আশা তাই-এর আইকনিক গান ‘দম মারো দম’ গেয়ে তাঁকে স্মরণ করলেন ফারহান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) নিজের ইনস্টাগ্রামে কনসার্টের একটি ভিডিও শেয়ার করেন ফারহান। সেখানে দেখা যাচ্ছে, স্টেজে দাঁড়িয়ে গিটার হাতে আশা ভোঁসলের গান গাইছেন তিনি, আর নীচে থাকা কয়েক হাজার পড়ুয়া গলা মেলাচ্ছেন তাঁর সঙ্গে। ভিডিওটির ক্যাপশনে ফারহান লেখেন, “একজন কিংবদন্তির স্মৃতিতে। কাল রাতে লভলি প্রফেশনাল ইউনিভার্সিটির এক ঝলক, যেখানে আমরা সবাই মিলে আশাজি-কে শ্রদ্ধা জানালাম। অডিও রেকর্ডিং খুব একটা ভাল হয়নি ঠিকই, কিন্তু হাজার হাজার তরুণ পড়ুয়ার তাঁর গানের প্রতি ভালবাসা আর শ্রদ্ধা দেখে অভিভূত হয়েছি। তাঁকে উদযাপন করাই হলো তাঁকে মনে রাখার শ্রেষ্ঠ উপায়।”
এর আগে আশা ভোঁসলের মৃত্যুর খবর পেয়ে ফারহান ইনস্টাগ্রামে লিখেছিলেন, “দশকের পর দশক ধরে আমাদের অগণিত স্মৃতি আর গান উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।” জ্যাকি শ্রফ থেকে শুরু করে আমির খান বা সচিন তেন্ডুলকর—'আশা তাই'-এর শেষযাত্রায় মুম্বইয়ের শিবাজী পার্কে শামিল হয়েছিলেন সব মহলের নক্ষত্ররা। কিন্তু ফারহান বেছে নিলেন তাঁর পারফরম্যান্সের মঞ্চকে, যেখানে নতুন প্রজন্মের কাছে আবারও জীবন্ত হয়ে উঠলেন আশা ভোঁসলে।















