দক্ষিণী তারকা রাম চরণ এই মুহূর্তে ওঁর আগামী বহুপ্রতীক্ষিত স্পোর্টস-অ্যাকশন ড্রামা ‘পেড্ডি’-র প্রচারে চষে বেড়াচ্ছেন গোটা দেশ। বেশ কয়েকবার মুক্তির তারিখ পিছনোর পর অবশেষে আগামী ৪ঠা জুন প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে এই ছবি। মুম্বাই, ভোপাল থেকে বেঙ্গালুরু— ‘পেড্ডি’র প্রোমোশনে রাম চরণের লম্বা চুলের ‘রকিং’ লুক ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল। তবে এই ট্যুরে খোদ ‘আরআরআর’ তারকাকেও টেক্কা দিচ্ছেন ওঁর পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকা এক রহস্যময় ব্যক্তি। তিনি অভিনেতার নতুন ব্যক্তিগত দেহরক্ষী— কেভিন কুন্টা।  

 

 

সোশ্যাল মিডিয়ায় এখন রাম চরণের চেয়েও বেশি চর্চা হচ্ছে এই বডিগার্ডের সুঠাম চেহারা, কঠিন ব্যক্তিত্ব এবং অবিশ্বাস্য বেতন নিয়ে। বি-টাউন ও সাউথ ইন্ডাস্ট্রির গুঞ্জন যদি সত্যি হয়, তবে কেভিন এই মুহূর্তে ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা সিকিউরিটি প্রফেশনাল!কে এই কেভিন কুন্টা?যাঁকে দেখে নেটিজেনদের একাংশ “সিনেমার হিরো বা বড় কোনও আন্তর্জাতিক ভিলেন” বলে ভুল করছেন, তিনি আসলে একজন পেশাদার আফ্রিকান এমএমএ (মিক্সড মার্শাল আর্টস) ফাইটার। 


কেভিনের জন্ম আফ্রিকান দেশ গাম্বিয়াতে হলেও তিনি বর্তমানে ইতালির ফ্লোরেন্সে থাকেন।   ২০২১ সালে তিনি ইতালির জাতীয় এমএমএ দলের প্রতিনিধি ছিলেন। ‘কলোসিয়াম চ্যাম্পিয়ন বেল্ট এমএমএ ইতালি’-র খেতাবও রয়েছে ওঁর ঝুলিতে।  রিংয়ের লড়াইয়ের পাশাপাশি তিনি আন্তর্জাতিক স্তরে ভিআইপি এবং হাই-প্রোফাইল তারকাদের ‘ক্লোজ প্রটেকশন সার্ভিস’ বা ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার কাজ করেন।  

কেভিনের প্রতিদিনের বেতন শুনলে মাথা ঘুরে যাবে! খবর, ভারত জুড়ে ‘পেড্ডি’র হাই-ভোল্টেজ প্রোমোশনের সময় নিজের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে রাম চরণ এই আফ্রিকান ফাইটারকে হায়ার করেছেন। আর এর জন্য কেভিন কুন্টাকে প্রতিদিন ২ থেকে ৪ লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হচ্ছে! হ্যাঁ, ঠিকই পড়েছেন— দৈনিক ২-৪ লক্ষ টাকা। অর্থাৎ, এক মাসের হিসেবে এই অঙ্কটা কোটি টাকায় গিয়ে দাঁড়ায়, যা টলিউড বা বলিউডের অনেক ছোটখাটো অভিনেতার পুরো ছবির পারিশ্রমিকের চেয়েও বেশি। 


টাকা যেমন পাচ্ছেন, নিজের দায়িত্বও তেমনই নিখুঁতভাবে পালন করছেন কেভিন। ‘মগধীর’ তারকা রাম চরণ যখন বিমানবন্দর  বা ইভেন্টগুলোতে ক্যাজুয়াল পোশাকে হালকা মেজাজে থাকছেন, ওঁর বডিগার্ড কেভিন কুন্টা তখন ধরা দিচ্ছেন একেবারে ‘লন্ডন স্টাইল’ কড়া ফিটিং স্যুট-বুট এবং লাক্সারি ঘড়িতে। দুর্দান্ত পেটানো চেহারার অধিকারীর সঙ্গে দুরন্ত কস্টিউম সেন্সের কারণে দক্ষিণে ইতিমধ্যেই কেভিনকে “এই মুহূর্তের সবচেয়ে স্টাইলিশ সেলেব্রিটি দেহরক্ষী” তকমা দিয়ে দিয়েছে। প্রচারের অনুষ্ঠানগুলোতে উন্মাদ ভক্তদের ভিড় সামলানো থেকে শুরু করে চারপাশের পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখা— সবেতেই কেভিনের ক্ষিপ্রতা নজর কাড়ছে। বুকি বাবু সানা পরিচালিত এবং এ আর রহমান সুরারোপিত ‘পেড্ডি’ ছবিটিতে রাম চরণের বিপরীতে দেখা যাবে জাহ্নবী কাপুরকে। বিশেষ একটি চরিত্রে রয়েছেন ঢ়তাভ দত্ত-ও।  ৪ঠা জুনের সেই মহাযুদ্ধের আগে, রাম চরণের এই ‘আফ্রিকান পাওয়ার’ বডিগার্ডের রিলস ও জিম ভিডিও এখন নেটদুনিয়ায় ট্রেন্ডিং টপিক।