'পেড্ডি' ছবির টিমের তরফে সোমবার হায়দরাবাদে একটি 'থ্যাঙ্ক ইউ মিট' রাখা হয়েছিল। উইকেন্ডে ছবিটি জাঁকিয়ে ব্যবসা করেছে বক্স অফিসে, সেই উপলক্ষেই এই ইভেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানে রাম চরণ সহ ছবির পরিচালক বুচি বাবু সানা, প্রযোজক, পরিবেশক সহ সকলেই উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে এসেই ছবি নিয়ে মন্তব্য করলেন জগপতি বাবু। এই ছবিতে তাঁকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে।
'পেড্ডি' ছবিটি একাধিক নেতিবাচক রিভিউ পেয়েছে দর্শকদের থেকে কখনও জাহ্নবী কাপুরের নাচ নিয়ে সমালোচনা চলেছে, কখনও তাঁর চরিত্র নিয়ে। এবার এই গোটা প্রসঙ্গে মুখ খুললেন জগপতি বাবু। তিনি জানালেন, আদতে এই নেতিবাচক রিভিউগুলো ছবিটিকে সফল করছে। ভাল ব্যবসায় সাহায্য করছে।
জগপতি বাবু এদিন এই ইভেন্টে ছবিটি প্রসঙ্গে বলেন, 'পেড্ডি খেলেছে, লড়াই করেছে, জিতেছে। এমনকী মুক্তি পাওয়ার পরও জিতছে। পেড্ডি ছবির টিমকে এখনও খেলতে হবে, লড়াই করতে হবে জেতার জন্য হয়তো এই খেলাতেই এই টিমকে দুবার জিততে হবে।' তিনি এদিন আরও বলেন, '৩০০ হোক না ৪০০ কোটির ব্যবসা করবে ছবিটি সেটা সাইডে থাক, এই ছবিটি এত বেশি ধারাল যে এর ভবিষ্যৎ নির্ধারণ করবে সেই মানুষগুলো যাঁরা ৩০০ টাকা দিয়ে টিকিট কেটে সিনেমাটি দেখবেন। ওঁদের ভাবনার হাতেই আমাদের ভাগ্য। এমন একটা ইন্ডাস্ট্রিতে এমন একটা গল্পের জন্য প্রযোজক পাওয়া সহজ নয়। বা রাম চরণকে তাতে অভিনয় করানোর জন্য রাজি করাও সহজ নয়। ও ( রাম চরণ) এই ছবিটিকে কাঁধ দিয়েছে। এই ছবিতে ও কেবল একজন মানুষ নয়, সুপারম্যান। হিম্যান।'
এরপরই ট্রোলারদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে জগপতি বাবু বলেন, 'এবং তাঁদের সকলের উদ্দেশ্যে এটি। আপনাদের সবাইকে ধন্যবাদ যাঁরা খারাপ রিভিউ লিখেছেন। আপনারা অজান্তেই আমাদের সাহায্য করেছেন।'
প্রসঙ্গত, প্রথম উইকেন্ডে 'পেড্ডি' ছবিটি ২৩৩ কোটি টাকা আয় করেছে। এই ছবিতে একাধিক আপত্তিকর দৃশ্য দেখানো, জাহ্নবী কাপুরকে হাইপারসেক্সুয়াল ভাবে তুলে ধরার জন্য কটাক্ষের মুখে পড়েছে ছবিটি।















