ভুল মানুষ মাত্রেরই হয়, আর সেই ভুল যদি কোনও গ্ল্যামারাস মঞ্চে জনসমক্ষে ঘটে যায়, তবে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হতে সময় নেয় না। ঠিক এমনটাই ঘটল দক্ষিণী ছবির তারকা রাম চরণের সঙ্গে। ভারতীয় ক্রিকেট দলের এক নম্বর পেসার জসপ্রীত বুমরাহ -কে ভুলবশত ‘ফুটবলার’ বলে ডেকে নেটপাড়ার তীব্র ট্রোলিং ও মিমের শিকার হলেন অভিনেতা। তবে নিজের এই ‘হিউম্যান এরর’ বা মানবিক ভুল বুঝতে পেরে বিন্দুমাত্র অহঙ্কার না দেখিয়ে, তড়িঘড়ি সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়ার তারকা বোলারের কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন এই দক্ষিণী তারকা।


ঘটনাটি ঘটেছে ভোপালে আয়োজিত রাম চরণের আগামী মেগা ছবি ‘পেড্ডি’-র গ্র্যান্ড মিউজিক লঞ্চ অনুষ্ঠানে। সেখানে ছবির নায়িকা জাহ্নবী কাপুর এবং সঙ্গীত পরিচালক এ আর রহমান সহ গোটা টিম উপস্থিত ছিল। অনুষ্ঠানের মাঝে এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাম চরণকে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে কিছু বলার অনুরোধ করা হয়।

সেখানে অত্যন্ত সুন্দরভাবে তিনি সচিন তেন্ডুলকরের কেরিয়ারকে “কিংবদন্তি”, মহেন্দ্র সিং ধোনিকে “কুল”, বিরাট কোহলিকে “আগুন” এবং রোহিত শর্মাকে “সব্বার প্রিয় মানুষ” বলে অভিহিত করেন। কিন্তু ঠিক এর পরেই যখন ওঁর সামনে জসপ্রীত বুমরাহ-র নাম নেওয়া হয়, উত্তেজনার বশে ক্রিকেট ও ফুটবলের মধ্যে গুলিয়ে ফেলেন অভিনেতা। বুমরাহকে তিনি ক্রিকেট তারকা না বলে একজন ‘ফুটবলার’ হিসেবে অভিহিত করে বসেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই ক্রিকেট প্রেমীরা মজা করতে শুরু করেন এবং একের পর এক ট্রোল-মিম তৈরি হতে থাকে।


ভুলটি নজরে আসতেই রবিবার সকালে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জসপ্রীত বুমরাহ-র কাছে দুঃখপ্রকাশ করেন রাম চরণ। অভিনেতা লেখেন -“উফ... আমার মাঝে মাঝেই মানুষের নাম ভুলে যাওয়ার একটা স্বভাব আছে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য জসপ্রীত বুমরাহ জির কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। চারিদিকের এত উত্তেজনা আর ভিড়ের মাঝে এটা স্রেফ একটা মানবিক ভুল ছাড়া আর কিছুই ছিল না।”

চরণ আরও যোগ করেন যে তিনি ভারতীয় ক্রিকেট দলের এই স্পিডস্টারকে অত্যন্ত সম্মান করেন এবং তিনি ব্যক্তিগতভাবে বুমরাহ-র বোলিংয়ের এক মস্ত বড় অনুরাগী। সুপারস্টারের এই নম্রতা এবং তৎক্ষণাৎ ভুল স্বীকার করে নেওয়ার মানসিকতা দেখে ওঁর ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

 

রাম চরণের এই রসালো বিতর্কের মাঝেই ক্রিকেট দুনিয়া থেকে বুমরাহ-কে নিয়ে একটি বড় আপডেট সামনে এসেছে। চলতি ২০২৬ সালের আইপিএল -এ মুম্বই ইন্ডিয়ান্স -এর হয়ে বুমরাহ-র পারফরম্যান্স এবার চেনা ছন্দে ছিল না। ১৩টি ম্যাচে তিনি মাত্র ৪টি উইকেট নিতে পেরেছেন।

এই বিষয়ে মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মাহেলা জয়বর্ধনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের আগে এক সাংবাদিক সম্মেলনে এক বড় তথ্য ফাঁস করেছেন। তিনি জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ -এ ভারতের খেতাব রক্ষার লড়াইয়ের সময় থেকেই বুমরাহ একটি হালকা চোট বয়ে বেড়াচ্ছেন। মুম্বই ইন্ডিয়ান্স ওঁকে পর্যাপ্ত বিশ্রামের সময় দিলেও, সেই চোটের কারণেই আইপিএল-এর প্রথমার্ধে ওঁর বোলিংয়ের সেই চেনা ধার বা ‘শার্পনেস’ উধাও ছিল। ৩২ বছর বয়সী এই পেসার চোটের সাথে লড়াই করেও দলের জন্য খেলে গিয়েছেন।

বিনোদন আর ক্রিকেটের এই অদ্ভুত মেলবন্ধনে একদিকে যেমন রাম চরণের ছবির প্রোমোশন লাইমলাইটে চলে এসেছে, তেমনই অন্যদিকে বুমরাহ-র দ্রুত সুস্থতা কামনা করছেন দেশের কোটি কোটি ক্রিকেট ভক্ত।