মেগাস্টার চিরঞ্জীবীর পরিবারে এখন উৎসবের মেজাজ। দীর্ঘ প্রতীক্ষার পর ফের খুশির খবর শোনালেন দক্ষিণী  সুপারস্টার রাম চরণ এবং তাঁর স্ত্রী উপাসনা কোনিডেলা। যমজ সন্তানের বাবা-মা হলেন এই তারকা দম্পতি। শনিবার তাঁদের কোল আলো করে এসেছে এক পুত্র ও এক কন্যাসন্তান।
২০২৩ সালে এই দম্পতির প্রথম সন্তান ক্লিন কারার জন্মের পর থেকেই কোনিডেলা পরিবারে খুশির অন্ত ছিল না। এবার সেই আনন্দ দ্বিগুণ হল। রবিবার ভোরে খোদ চিরঞ্জীবী সোশ্যাল মিডিয়ায় এই সুখবরটি ভাগ করে নিয়েছেন। তিনি লিখেছেন, "অত্যন্ত আনন্দ এবং কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি যে, রাম চরণ ও উপাসনা যমজ সন্তানের বাবা-মা হয়েছে। মা ও দুই নবজাতক—সকলেই সুস্থ আছে। দাদু-ঠাকুমা হিসেবে আমাদের কাছে এটি এক পরম প্রাপ্তি।"

 


২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাম চরণ এবং উপাসনা। বিয়ের প্রায় ১১ বছর পর প্রথম সন্তানের মুখ দেখেছিলেন তাঁরা। তবে এবারের খবরটি অনুরাগীদের কাছে ছিল কিছুটা চমকের মতো। যদিও গত বছর দীপাবলির সময় উপাসনা একটি ভিডিও ভাগ করে ফের বাবা-মা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু বিষয়টি নিয়ে তখন পরিষ্কার করে কিছু জানানো হয়নি।

মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার সকালেই উপাসনাকে হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। খবরটি জানাজানি হতেই হাসপাতালের সামনে অনুরাগী ও পাপারাজ্জিদের ভিড় জমে। এই খবর আপার পরে এখন শুভেচ্ছার বন্যায় ভাসছেন রাম চরণ ও উপাসনা। জুনিয়র এনটিআর, আল্লু অর্জুন থেকে শুরু করে মহেশ বাবুর মতো তারকারা সোশ্যাল মিডিয়ায় এই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। 

 

কাজের ক্ষেত্রে রাম চরণ বর্তমানে তাঁর আগামী ছবি 'পেড্ডি'-র শুটিংয়ে ব্যস্ত। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে জাহ্নবী কাপুরকে। গত বছর তাঁর 'গেম চেঞ্জার' ছবিটি বক্স অফিসে আশানুরূপ ফল না করলেও, ব্যক্তিগত জীবনের এই প্রাপ্তি তাঁকে নতুন উদ্যমে কাজ করার শক্তি দেবে বলে মনে করছেন তাঁর ঘনিষ্ঠরা। আপাতত কিছুদিন শুটিং থেকে বিরতি নিয়ে পরিবারের সঙ্গেই সময় কাটাবেন এই অভিনেতা। খুব শীঘ্রই সন্তানদের নাম এবং প্রথম ঝলক প্রকাশ্যে আনা হবে বলে জানা গিয়েছে। চিরঞ্জীবীর পরিবারের এই নতুন দুই সদস্যকে ঘিরে এখন সরগরম নেটপাড়া।