সোশ্যাল মিডিয়ায় ফের চর্চায় অভিনেত্রী রাকুল প্রীত সিং-এর স্বামী প্রযোজক জ্যাকি ভাগনানি। সম্প্রতি রেডডিটে জ্যাকির একটি পুরোনো ডেটিং অ্যাপ প্রোফাইলের স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যা নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে জোর জল্পনা। ঘটনাটি সামনে আসতেই নেটিজেনরা আলোচনা শুরু করেছেন।

ভাইরাল হওয়া ওই স্ক্রিনশটটি ‘রায়া’ (Raya) নামক এক অভিজাত ডেটিং অ্যাপের বলে দাবি করা হচ্ছে। প্রোফাইলে জ্যাকির নাম এবং অভিনতা-প্রযোজক হিসেবে পেশার উল্লেখ রয়েছে, তবে মজার বিষয় হল, সেখানে ‘Producer’ বানানটি ভুল রয়েছে (‘Peoducer’ লেখা)। প্রোফাইলের লোকেশন হিসেবে দেখানো হয়েছে লন্ডন। তবে এই স্ক্রিনশটটি ঠিক কত পুরোনো বা আদৌ এটি জ্যাকির আসল প্রোফাইল কি না, তা নিয়ে এখনও কোনও প্রমাণ মেলেনি।

উল্লেখ্য, মাস কয়েক আগেই নিজের বিয়ে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন জ্যাকি। স্ত্রী রাকুল প্রীত সিং-এর সঙ্গে দাম্পত্য জীবনকে তিনি ‘সিচুয়েশনশিপ’ বলে বর্ণনা করেছিলেন। জ্যাকির সেই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছিল। যদিও পরে রাকুল নিজেই বিষয়টি নিয়ে মুখ খোলেন। তিনি সাফ জানান, একটি দীর্ঘ কথোপকথনের মাত্র একটি লাইন তুলে ধরে সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রেক্ষাপট না বুঝে মিথ্যে গুঞ্জন ছড়ানো কাম্য নয় বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাকুল।

২০২৪ সালে গোয়ায় ধুমধাম করে বিয়ে করেন জ্যাকি এবং রাকুল। তার কয়েক বছর আগে থেকেই তাঁদের সম্পর্কের শুরু। বিয়ের পরেও ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই খবরের শিরোনামে থাকেন এই তারকা দম্পতি। এখন দেখার, পুরোনো ডেটিং অ্যাপ প্রোফাইলের এই নতুন বিতর্কে জ্যাকি বা রাকুল পাল্টা কোনও প্রতিক্রিয়া দেন কি না।