একদিকে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর আকাশছোঁয়া সাফল্যে উচ্ছ্বসিত অভিনেতা রাকেশ বেদি, অন্যদিকে হঠাৎই ঘিরে ধরেছে পুরনো এক বিতর্ক। ছবির ট্রেলার লঞ্চের সময়ের একটি মুহূর্ত ঘিরে সোশ্যাল মিডিয়ায় যে জল্পনা তৈরি হয়েছিল, সম্প্রতি সেই প্রসঙ্গেই মুখ খুললেন এই বর্ষীয়ান অভিনেতা।

প্রসঙ্গত, ছবির ট্রেলার উন্মোচনের মঞ্চে সহ-অভিনেত্রী সারা অর্জুনকে শুভেচ্ছা জানাতে এগিয়ে গিয়েছিলেন রাকেশ বেদি। এরপরই একটি ছোট ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে পড়ে, যেখানে কিছু নেটিজেনের দাবি ছিল, ৭১ বছরের অভিনেতা নাকি ২০ বছরের সারার কাঁধে চুমু খেয়েছেন!মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ঘিরে শুরু হয় তুমুল আলোচনা এবং ব্যাপক সমালোচনা। প্রসঙ্গত, আদিত্য ধর পরিচালিত এই ছবিতে রাকেশ বেদিকে দেখা গিয়েছে চতুর রাজনীতিক জামিল জামালির চরিত্রে। অন্যদিকে, তাঁর মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সারা অর্জুন, ইয়ালিনা জামালি হিসেবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিতর্ক নিয়ে কথা বলতে গিয়ে রাকেশ বেদি স্পষ্ট জানান, গোটা ঘটনাটিই সমাজমাধ্যমে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। বর্ষীয়ান অভিনেতার কথায়, “খুব ছোট্ট একটা ঘটনা ছিল গোটা ব্যাপারটি। ছবিতে সারা আমার মেয়ের চরিত্রে অভিনয় করেছে। শুটিংয়ের সময় আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। ও যখনই আসত, আমি ওকে জড়িয়ে ধরতাম, কপালে স্নেহচুম্বন এঁকে দিতাম—একেবারে নিজের মেয়েকে যেমন করি। একজন সিনিয়র অভিনেতা হিসেবে নতুনদের স্বচ্ছন্দ করে তোলাও তো আমাদের দায়িত্ব।”

 

তিনি আরও বলেন, “ট্রেলার লঞ্চের দিনেও ও মঞ্চে উঠতেই আমি একইভাবে শুভেচ্ছা জানিয়েছিলাম। আর সেই মুহূর্তটাকেই কেউ কেউ অন্যভাবে দেখিয়েছে। অথচ আমি তো বরাবরই ওকে এভাবেই শুভেচ্ছা জানাই। পরে অনেকেই আবার আমার সমর্থনেও কথা বলেছেন -বলেছেন, রাকেশজিকে নিয়ে এভাবে বলা ঠিক নয়।”

সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং নিয়ে ক্ষোভ উগরে দিয়ে অভিনেতার মন্তব্য, “মানুষের তো কিছু না কিছু বলার বিষয় চাই। কে নেই যাকে নিয়ে কথা বলা হয় না? কিছু তো বলবেই! এটাই তো তাদের কাজ।” উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগেও এই বিতর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন রাকেশ বেদি।

এদিকে, বিতর্কের মাঝেই বক্স অফিসে দুরন্ত ছুটে চলেছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। গত ১৯ মার্চ মুক্তির পর মাত্র পাঁচ দিনের মধ্যেই ছবিটি ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে, যা ইতিমধ্যেই বছরের অন্যতম বড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে। সব মিলিয়ে, একদিকে সাফল্যের শিখর, অন্যদিকে বিতর্কের ছায়া, এই দুইয়ের মাঝেই এখন চর্চার কেন্দ্রবিন্দুতে রাকেশ বেদি।

 

 

&t=2069s