হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা, এখন কেমন আছেন তিনি জানালেন সুদীপা চ্যাটার্জি এবং অগ্নিদেব চ্যাটার্জি৷  সুদীপা অগ্নিদেব জানালেন, শুটিং শেষ হওয়ার পর রাজেশ স্থানীয় কিছু টেকনিশিয়ানের সঙ্গে ঘন জঙ্গলে ঘেরা একটি জায়গায় কথা বলছিলেন। সেই সময় পোকাটি কামড়ায় অভিনেতাকে৷ প্রথমে বিষয়টিকে গুরুতর মনে না হওয়ায় তিনি সঙ্গে সঙ্গে চিকিৎসার প্রয়োজন মনে করেননি এবং স্বাভাবিকভাবেই শুটিং চালিয়ে যান।

প্রায় ছয় ঘণ্টা পরে তাঁর ডান পায়ে তীব্র যন্ত্রণা শুরু হয় এবং তিনি অসুস্থ বোধ করতে থাকেন। শারীরিক অবস্থার অবনতি হলেও তিনি কলকাতার উদ্দেশে বিমানে রওনা দেন। যাত্রাপথে তাঁর ধুম জ্বর আসে, অস্থিরতা বাড়তে থাকে এবং শারীরিক অবস্থার আরও অবনতি হয়।

পরদিন তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এক দিনেরও বেশি সময় কেটে গিয়েছে৷ এখনও জ্বর কমেনি, শ্বাসকষ্ট এবং ডান পায়ে দ্রুত ছড়িয়ে পড়া সংক্রমণের সঙ্গে লড়াই করছেন। সংক্রমণটি পায়ের আঙুল থেকে হাঁটু পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং আক্রান্ত স্থানে বড় বড় ফোসকা দেখা দিয়েছে।

চিকিৎসক ডাঃ অভিজিৎ ভট্টাচার্য জানিয়েছেন, এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। রাজেশকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তিনি এখনও বিপদমুক্ত নন। চিকিৎসকদের আশঙ্কা, জটিলতা বাড়লে রক্ত জমাট (ব্লাড ক্লট) বাঁধতে পারে, যা ফুসফুসে পৌঁছে গেলে প্রাণঘাতী হতে পারে। তাই প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে।

গতকাল আজকাল ডট ইন-কে সুদীপা চ্যাটার্জি জানিয়েছিলেন, অভিনেতা রাজেশ শর্মা একটি ছবির শুটিং করছিলেন৷ এই ছবিতে প্রভাসও অভিনয় করছেন, রামোজি ফিল্ম সিটিতে সম্ভবত বিষাক্ত পোকা কামড়েছে অভিনেতাকে৷ অভিনেতার ডায়াবেটিস থাকার কারণে পোকার কামড়ে ভয়ঙ্কর ইনফেকশন হয়েছে৷


রাজেশ শর্মার স্বাস্থ্য সংক্রান্ত খবর জানানোর পাশাপাশি সুদীপা অদগ্নিদেব কৃতজ্ঞতা জানিয়েছেন৷ 
"আমাদের প্রতি সকলের ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থনের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশেষ করে সংবাদমাধ্যম, বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্টস' ফোরাম, রাজেশের বন্ধু ও শুভানুধ্যায়ীদের এবং সর্বোপরি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই। এই কঠিন সময়ে তিনি সবসময় পাশে থেকে আমাদের সাহস ও সহযোগিতা করে চলেছেন। রাজেশ শর্মার মা এবং তাঁর সমগ্র পরিবারের পক্ষ থেকে, এই কঠিন সময়ে পাশে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।"