টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা রাজীব খাণ্ডেলওয়াল সম্প্রতি তাঁর দাম্পত্য জীবন নিয়ে এমন একটি মন্তব্য করেছেন, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্ত্রী মঞ্জিরির সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে রাজীব বলেন, তিনি ভালবাসার সম্পর্কে স্ত্রীর ‘দাস’ হতে রাজি। তবে তাঁর কথার অর্থ কোনওভাবেই অপমানজনক নয়, বরং নিঃস্বার্থ ভালবাসা এবং যত্নের প্রকাশ।
একটি অনুষ্ঠানে কথোপকথনের সময় রাজীবকে প্রশ্ন করা হয়, তিনি কি স্ত্রীকে ভয় পান? উত্তরে অভিনেতা বলেন, ভয় নয়, তিনি স্ত্রীকে ভালবাসেন। আর যাকে ভালবাসা যায়, তাকে হারানোর ভয়ও থাকে। সেই কারণেই সম্পর্কের ছোট ছোট দায়িত্ব পালন করতে তাঁর কোনও আপত্তি নেই।
রাজীব জানান, প্রতিদিন স্ত্রীর জন্য চা বানানো, সকালের জলখাবারের ব্যবস্থা করা বা প্রয়োজনীয় ছোটখাটো কাজ করে দেওয়ার ক্ষেত্রে কোনও জোরাজুরি নেই৷ কিন্তু এই ছোটখাটো কাজ করতে করে তিনি আনন্দ পান। তাঁর কথায়, সম্পর্কের শুরুতে ভালবেসে করা এই ছোট ছোট অভ্যাসই পরে দাম্পত্য জীবনের স্বাভাবিক অংশ হয়ে ওঠে। এমনকি এখন একদিন যদি তিনি সংসারের কাজ করতে ভুলে যান, স্ত্রী জিজ্ঞেস করেন, “আজ ভুলে গেলে?” আর সেখানেই লুকিয়ে থাকে সম্পর্কের মধুরতা।
‘দাস’ শব্দটি ব্যবহার করলেও রাজীব স্পষ্ট করে দিয়েছেন, এটি নিছক ভালবাসার রূপক। তিনি বলেন, সত্যিকারের ভালবাসায় অহংকারের কোনও জায়গা নেই। বরং প্রিয় মানুষের জন্য নিজের ইচ্ছায় কিছু করা, তাকে খুশি রাখার চেষ্টা করা এবং তার যত্ন নেওয়ার মধ্যেই প্রকৃত সুখ ও শান্তি পাওয়া যায়। পৃথিবীতে যদি কারও জন্য তিনি এমন ‘দাসত্ব’ স্বীকার করতে চান, তবে সেই মানুষটি তাঁর স্ত্রী মঞ্জিরি।
অভিনেতা আরও জানান, দাম্পত্য জীবনে মতবিরোধ হওয়া স্বাভাবিক। তাঁদের মধ্যেও কখনও কখনও মনোমালিন্য হয়। কিন্তু কেউই দীর্ঘদিন অভিমান ধরে রাখেন না। কিছুক্ষণ নীরব থাকার পর দু'জনের একজন এগিয়ে এসে কথা বলে নেন। রাজীবের বিশ্বাস, সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসা, শ্রদ্ধা এবং ক্ষমা করার মানসিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, দীর্ঘদিন প্রেম করার পর ২০১১ সালে মঞ্জিরিকে বিয়ে করেন রাজীব খাণ্ডেলওয়াল। তাঁদের সুখী দাম্পত্যের নানা মুহূর্ত মাঝেমধ্যেই অনুরাগীদের নজর কাড়ে। সাম্প্রতিক এই মন্তব্যের মাধ্যমে অভিনেতা আবারও বুঝিয়ে দিলেন, তাঁর কাছে সফল সম্পর্কের মূলমন্ত্র হল ভালোবাসাকে অহংকারের ঊর্ধ্বে রাখা।
















