প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪২ বছর। জানা গিয়েছে, তালসারিতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। ২৯ মার্চ সন্ধ্যায় তাঁর প্রয়াণের খবর আসে।
সূত্রের খবর ধারাবাহিকের শুটিং করছিলেন তালদারিতে। সেই সময়ই বোটিংয়ে গিয়ে জলে পড়ে যান। তলিয়ে যান রাহুল। পরবর্তীতে তাঁকে টেকনিশিয়ানরা উদ্ধার করেন। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দুই দশকের বেশি সময় ধরে টলিউডে কাজ করছেন। ছোটপর্দা থেকে বড়পর্দায়, ওয়েব দুনিয়ায় ছিল তাঁর অবাধ যাতায়াত। বর্তমানে তাঁকে দর্শকরা 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে দেখতে পাচ্ছিলেন। তাঁর এবং শ্বেতা মিশ্রর রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। টিআরপিতেও তার ফল দেখা যাচ্ছিল। এছাড়া তিনি আগে হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে অভিনয় করেছেন
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে দর্শক সম্প্রতি হইচই প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ 'ঠাকুমার ঝুলি'তে দেখেছেন। সেখানে তিনি পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় 'চিরদিনই তুমি যে আমার' ছবির হাত ধরে খ্যাতি পান। সেই ছবির নায়িকা প্রিয়াঙ্কা সরকারকে মন দেন। পরবর্তীতে তাঁর সঙ্গেই গাঁটছড়া বাঁধেন। যদিও মাঝে তাঁদের বিচ্ছেদের খবর রটে। কিন্তু ছেলে সহজের কথা ভেবে ফের একসঙ্গে থাকা শুরু করেন রাহুল, প্রিয়াঙ্কা। রাহুল অভিনয় ছাড়া সহজ কথা নামক একটি পডকাস্ট শো সঞ্চালনা করতেন। সেটিও তুমুল জনপ্রিয় হয়েছিল।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের খবরে স্তম্ভিত টলিউড।















