প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারিতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। রবিবার বিকেলে খবর আসে তাঁর প্রয়াণের। কিন্তু ঠিক কী ঘটেছিল?
ওড়িশার তালসারি কোস্টাল থানার পুলিশ এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে বিকেল সাড়ে চারটের নাগাদ বোট থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যান রাহুল। নিখোঁজ হওয়ার পর পুলিশকে এমনটাই প্রোডাকশনের লোকজনদের পক্ষ থেকে জানানো হয়েছে।
রাহুল ভেসে যাওয়ার সময় সঙ্গে সঙ্গে শুটিংয়ের ক্যামেরা পার্সন থেকে প্রোডাকশনের লোকজন উদ্ধারের চেষ্টা চালায়। তাতেও উদ্ধার সম্ভব না হলে পুলিশের সহযোগে সেফটি বোটের মাধ্যমে প্রায় ঘণ্টাখানেকের পর রাহুলকে উদ্ধার করা হয়। দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কিন্তু এক সহ-নায়িকার একটি ফুটেজ থেকে জানা যাচ্ছে তিনিও পড়ে গিয়েছিলেন। শুটিং চলাকালীন ঘটনাটি ঘটেছে। তবে তিনি কোথা থেকে পড়ে গিয়ে, কীভাবে পড়ে গিয়েছিলেন সেগুলো তদন্তসাপেক্ষ বলে পুলিশ জানাচ্ছে। তদন্ত জারি রয়েছে বলে জানায় পুলিশ। আগামীকাল পোস্টমর্টেম হবে কাঁথি মহকুমা হাসপাতালের মর্গে।
কিন্তু প্রোডাকশন ম্যানেজার শেখর চক্রবর্তী তিনি জানাচ্ছেন ঘটনার স্থলে ছিলেন না। সাড়ে তিনটে নাগাদ শুটিং শেষ হয়ে যায়। তারপর ওঁরা জলে নামেন। শুটিংয়ের শেষে ঘটনাটি ঘটেছে। তখন তাঁকে খবর দেওয়া হয় যে রাহুল তলিয়ে ভেসে যাচ্ছে। এবং পরে তাকে সেফটি বোটে করে উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দুই দশকের বেশি সময় ধরে টলিউডে কাজ করছেন। ছোটপর্দা থেকে বড়পর্দায়, ওয়েব দুনিয়ায় ছিল তাঁর অবাধ যাতায়াত। বর্তমানে তাঁকে দর্শকরা 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে দেখতে পাচ্ছিলেন। তাঁর এবং শ্বেতা মিশ্রর রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। টিআরপিতেও তার ফল দেখা যাচ্ছিল। এছাড়া তিনি আগে 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে অভিনয় করেছেন। মৃত্যুকালে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ৪২ বছর বয়স হয়েছিল।















