সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

 

'রামায়ণে হনুমানের সঙ্গে শুটিং করেছ?', বাবাকে প্রশ্ন রাহার

নীতীশ তিওয়ারির 'রামায়ণ' নিয়ে উত্তেজনা তুঙ্গে। এই ছবিতেই রামের ভূমিকায় দেখা মিলবে রণবীর কাপুরের। সদ্যই লস অ্যাঞ্জেলেসে দর্শকদের সামনে এই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আনা হয়। এরপর 'রামায়ণ' নিয়ে চর্চার আগুনে যেন ঘৃতাহুতি পড়ে। নতুন করে ভাইরাল হয় রণবীরের একটি পুরনো সাক্ষাৎকার। সেখানে অভিনেতা বলেছিলেন তিনি রাহাকে এই ছবির শুটিংয়ের গল্প শোনাতেন। একই সঙ্গে রামায়ণের গল্পও শোনান। অভিনেতার কথায়, 'আমি আমার মেয়ে রাহাকে রামায়ণের গল্প শোনাই, আর দেখি এই ৩ বছরের খুদে কেমন আগ্রহ নিয়ে জানতে চায় তুমি আজ সীতার সঙ্গে শুট করেছ? তুমি আজ হনুমানের সঙ্গে শুট করেছ?' প্রসঙ্গত, এই ছবিতে রণবীরের পাশে সীতা হিসেবে থাকবেন সাই পল্লবী, আর হনুমান হয়েছেন ববি দেওল। 

 

মুছে যাচ্ছে স্মৃতিচিহ্ন! পাকিস্তানে ধসে পড়ল রাজ কাপুরের বাড়ি

কাপুর পরিবার আদতে পেশোয়ারের। ভারত ভাগ হওয়ার আগে তাঁরা ওখানেই থাকতেন। পরবর্তীতে ভারতে চলে আসেন তাঁরা। পেশোয়ারে অনাদরে, অবহেলায়, রক্ষণাবেক্ষণের অভাবে থেকে যায় সেই বাড়ি যেখানে রাজ কাপুরের জীবনের অনেকটা সময় কেটেছে। গত শুক্রবার পাকিস্তানে ভারী বৃষ্টিপাত এবং তারপর হওয়া ভূমিকম্পে এই বাড়ির একাংশ ভেঙে পড়ে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ২০১৬ সালে পাকিস্তান সরকার এই বাড়িকে ন্যাশনাল হেরিটেজ তকমা দেয়। কিন্তু তারপরও এই ঘটনা ঘটল। বর্তমানে বাড়ির বাকি যে অংশটি অবশিষ্ট আছে, সেটার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। 

 

বিশ্বজুড়ে ছুটছে 'ধুরন্ধর ২' -এর অশ্বমেধের ঘোড়া! ১৭ দিনে ১৫০০ কোটি টপকে গেল রণবীরের ছবি

গত ১৯ মার্চ মুক্তি পেয়েছে 'ধুরন্ধর ২'। আদিত্য ধর পরিচালিত এই ছবিটি যেন বক্স অফিসে হইচই ফেলে দিয়েছে। এখনও বিশ্বজুড়ে জাঁকিয়ে ব্যবসা করছে রণবীর সিং অভিনীত 'ধুরন্ধর ২'। মুক্তির ১৭ দিনের মধ্যেই বিশ্বজুড়ে ১৫০০ কোটি টাকা আয় করে ফেলল। বর্তমানে এই ছবির মোট আয় ১৫৬০ কোটি টাকা! দেশের বক্স অফিসে ১০০০ কোটির গণ্ডি টপকে গিয়েছে। অন্যদিকে বিদেশে হঠাৎ করে এক লাফে ফের অনেকটা আয় বেড়েছে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' ছবিটির। প্রসঙ্গত, রণবীর সিং ছাড়াও 'ধুরন্ধর ২' ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন সারা অর্জুন, অর্জুন রামপাল, আর মাধবন, প্রমুখ।