নির্ঝর মিত্রের পরিচালনায় হইচই-এ আসছে ‘কুইন্স’। সেই সিরিজে জুটিতে ধরা দেবেন রাহুল দেব  বসু এবং মিমি চক্রবর্তী। এর আগে মিমি-নির্ঝর জুটি ‘ডাইনি’র মতো সিরিজ উপহার দর্শক দিয়েছিল দর্শকদের। তবে এই সিরিজের অন্যতম বড় চমক হতে চলেছে অর্ণ মুখোপাধ্যায়। বড়পর্দার পাশাপাশি হইচই-এর একাধিক সিরিজে নানা চরিত্রে অথৈ-এর পরিচালক-অভিনেতাকে দেখা গেলেও কখনও খলনায়কের ভূমিকায় দেখা যায়নি তাঁকে। তবে এবার যাবে। ‘কুইন্স’-এ খলচরিত্রে রয়েছেন অর্ণ মুখোপাধ্যায়। 

সূত্রের খবর, এই সিরিজে নাকি ভয়ঙ্কর এক খুনে স্বভাবের মানুষের চরিত্রে দেখা যাবে অর্ণকে। তাঁর চরিত্রের নাম ‘শঙ্কর’। সাধারণত সিনেমা বা সিরিজে খলনায়ক চরিত্রের পেছনে কোনও না কোনও অতীত বা মানসিক কারণ থাকে। কিন্তু ‘শঙ্কর’-এর ক্ষেত্রে তেমন কোনও ব্যাকস্টোরি নেই বলেই জানা গিয়েছে। অর্থাৎ, চরিত্রটি আদ্যোপান্ত অন্ধকারে ঢাকা—যার মধ্যে মনুষ্যত্বের ছাপ প্রায় নেই বললেই চলে। বরং তার আচরণে বেশি করে ফুটে ওঠে এক ধরনের নিষ্ঠুরতা। সূত্রের কথায়, চরিত্রটির স্বভাব বোঝাতে নেকড়ের সঙ্গে তুলনা করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যায়। অর্থাৎ সহজেই অনুমেয়, ‘শঙ্কর’ একজন আপাদমস্তক খারাপ মানুষ। ওই সূত্র এও জানিয়েছে, এই চরিত্রটির মধ্যে মনুষ্যত্বের ব্যাপারগুলো ঠিক যতটা কম, পাশবিক বিষয়গুলো ঠিক ততটাই বেশি! সহজভাবে বললে নেকড়ের সঙ্গে তুলনা করলে ‘শঙ্কর’-এর চরিত্রটি বোঝা পাঠকের পক্ষে সহজ হবে। এও জানা গেল, পরিচালক অর্ণকে এমনভাবে পর্দায় হাজির করতে চলেছেন যা দেখে নাকি শিউরে উঠবে দর্শক। 

অন্য আরেকটি সূত্র জানিয়েছে, এছাড়া এই চরিত্রটি উত্তরবঙ্গের একটি প্রান্তিক এলাকার বাসিন্দা। ফলে শঙ্করের ভাষা, উচ্চারণ এবং শরীরী ভাষায় থাকবে সেই অঞ্চলের স্পষ্ট ছাপ। পরিচালক নির্ঝর মিত্র নিজেও উত্তরবঙ্গের হওয়ায় সেখানকার আঞ্চলিক টান, কথাবলার ছন্দ এবং স্থানীয় ভঙ্গি ফুটিয়ে তুলতে তিনি নাকি অভিনেতাকে বিশেষভাবে গাইড করেছেন। আরও জানা গেল, বাবার ভূমিকায় অভিনয় করছেন জয়দীপ চক্রবর্তী। তাঁর চরিত্রটিও বলাই বাহুল্য খল। কিন্তু তবুও ‘বাবা’র মধ্যে সামান্য মনুষ্যত্ববোধের আঁচ পাওয়া গেলেও 'ছেলে'র মধ্যে তার ছিটেফোঁটাটুকুও নেই।  

আজকাল ডট ইন জানতে পেরেছে, আগামীকাল উত্তরবঙ্গের শিডিউল শুটিংয়ের জন্য কুইন্স-এর টিম রওনা দিচ্ছে। ইতিমধ্যেই কলকাতার নানান জায়গায় ঘুরে শুট শেষ করেছে তাঁরা। এইসব জায়গার মধ্যে যেমন রয়েছে মেটিয়াবুরুজ, খিদিরপুর, বেহালা তেমনই রয়েছে সন্তোষপুর, বজবজ, আক্রার মতো জায়গা। চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা এই সিরিজের।  


‘কুইন্স’ ছাড়াও আরও একটি সিরিজে দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায়কে। ব্যোমকেশ বক্সী-তে। যে সিরিজে নামভূমিকায় বহুদিন পর দেখা যাবে গৌরব চক্রবর্তী-কে। এর আগে ছোটপর্দায় ব্যোমকেশের চরিত্রে দর্শকের সামনে হাজির হয়েছিলেন গৌরব। ওই সিরিজে 'অজিত'-এর ভূমিকায় দেখা যাবে অর্ণকে। জানা গিয়েছে, ‘অজিত’ চরিত্রটিকে নাকি খানিক অন্যরকমভাবেই দর্শকের সামনে হাজির করতে চলেছেন অভিনেতা। ‘সত্যান্বেষী’ ও ‘অর্থমনার্থম’-এই দু’টি উপন্যাস মিলিয়েই পয়লা বৈশাখের আবহে ওটিটিতে মুক্তি পাবে ব্যোমকেশের এই সিরিজটি।

 

 

&t=4s