আর মাত্র এক সপ্তাহের অপেক্ষা। আগামী ১৯ জুন মুক্তি পাচ্ছে 'অভিমান'। সেই ছবিতে প্রথমবার একজন রকস্টারের লুকে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তাঁর লুক নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা চলছে। এবার অভিমান ছবিটি মুক্তির আগে বাবার থেকে একটি বিশেষ উপহার পেলেন তিনি। সেটার ছবি ভাগ করে লিখলেন এক আবেগঘন পোস্ট। 

এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে একটি কাগজে পেন্সিলের সাহায্যে অভিমান ছবির প্রসেনজিতের রকস্টার লুকটি ফুটিয়ে তোলা হয়েছে স্কেচ করে। নিচে লেখা শিল্পীর নাম এবং ডেট। বলাই বাহুল্য, ছবির বর্ষীয়ান অভিনেতা, পরিচালক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের আঁকা। ছেলেকে প্রথমবার এই লুকে দেখে তিনি মুগ্ধ। শুধু তাই নয় প্রথমে নাকি চিনতেও পারেননি। সেই কথা আজকাল ডট ইনকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আগেই জানিয়েছিলেন। এবার বাবার থেকে এ হেন উপহার পেয়ে তিনি আবেগঘন হয়ে পড়েন। 

বাবার দেওয়া উপহারের ছবি পোস্ট করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, 'বাপির আঁকা এই ছবিটা, আমার অভিনীত একটি চরিত্রের প্রতিচ্ছবি শুধু নয়, এর মধ্যে লুকিয়ে আছে একজন বাবার চোখে তার ছেলেকে নতুন করে আবিষ্কার করার গল্প। অভিমান-এর টিজার দেখে বাপি বলেছিলেন, তোকে চিনতেই পারিনি। একজন অভিনেতার কাছে এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে, যখন তার নিজের বাবাও তার অভিনয়ে এক নতুন মানুষকে খুঁজে পান।' তাঁর আরও সংযোজন, 'বাপির তুলির আঁচড়ে, তাঁর অনুভূতিতে নিজেকে নতুন করে আবিষ্কার করি। আমার কাজ তাঁর হৃদয় ছুঁয়েছে, এই ভালোবাসা, আশীর্বাদ আর বিশ্বাস আমার কাছে অমূল্য।' (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল)

এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই পোস্টে তাঁর সহ-অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ছবির প্রযোজক সৌরভ দাস -সহ অনেকেই মন্তব্য করেছেন। 

প্রসঙ্গত, 'অভিমান' ছবির লুকস প্রসঙ্গে কথা বলতে গিয়ে আজকাল ডট ইনকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, "এই ছবিটা যখন আমি ফাইনাল করি তার আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম, কারণ গল্পটা আমাকে অনেক আগে থেকেই শোনানো হয়েছিল। প্রস্তুতি লুকসের উপর নিয়েছি, এছাড়া শরীরী ভাষা, এনার্জি লেভেলের উপরেও কাজ করেছি। কারণ আমি বুঝেছিলাম, এমআই একটা আধুনিক, রকস্টারের চরিত্রে অভিনয় করতে চলেছি, যা আমি আগে কখনও করিনি। গায়ক করেছি কিছু ছবিতে। কিন্তু এটা একটা পিরিয়ড।" তাঁর আরও সংযোজন, "এই পিরিয়ডে আমরা ছোটবেলায় দেখেছি রঞ্জনদাকে (রঞ্জন ঘোষাল)। স্টেজে দাঁড়ালে বাঘের মতো। এখন অবশ্যই রূপম (রূপম ইসলাম)। আমি রূপমকে বলেওছিলাম, আমি কিন্তু তোমায় কপি করছি হ্যাঁ? ওর এনার্জি লেভেল স্টেজে ফ্যাবুলাস।" 

চলতি বছরের গোড়ার দিকে ঘোষণা করা হয়েছিল 'অভিমান' ছবিটির। সৌরভ দাস এবং যিশু সেনগুপ্তর প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াসের প্রযোজনায় আসছে ছবিটি। প্রসঙ্গত, এই ছবির হাত ধরেই ফের ফিরছে ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিচালক-অভিনেত্রী জুটি। 'গৃহপ্রবেশ' ছবির তুমুল সাফল্যের পর আরও একবার হাত মেলালেন তাঁরা। মুখ্য চরিত্রে প্রসেনজিৎ-শুভশ্রী-যিশু। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কাঞ্চন মল্লিক, অনন্যা ব্যানার্জি,অরিজিতা মুখার্জি, প্রমুখকে। আগামী ১৯ মে বড়পর্দায় আসছে 'অভিমান'।