প্রোফেসর বিদ্যা ব্যানার্জি ধারাবাহিক চলতি সপ্তাহে টিআরপি তালিকার সেরা পাঁচ থেকে ছিটকে গিয়েছে। ফলে গল্পকে আরও টানটান করে তুলতে আসছে নতুন ট্র্যাক। নায়িকা এবার বদ্ধপরিকর তার বাবার পরিচয় জানতে। খোঁজ পাবে কি?

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রোফেসর বিদ্যা ব্যানার্জি ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে রাজরীতের সঙ্গে কথা বলছে বিদ্যা। রাজরীত বিদ্যার থেকে জানতে চায় নায়িকা কোন শিকড়ের কথা বলছে? কী তার অর্থ? জবাবে বিদ্যা বলে কৃষ্ণ গোপাল বলে কেউ একজন আছে তার খোঁজ করছে। কিন্তু কেন? কারণ হিসেবে জানায় সে তার বাবার পরিচয় জানতে চায়। সেটার খোঁজেই নেমেছে। ফলে তার সামনে এখন দু'টোই লক্ষ্য। এক, কৃষ্ণ গোপালের খোঁজ পাওয়া, এবং দ্বিতীয় হল কাশ্যপ ব্যানার্জির বিরুদ্ধে এই লড়াই জেতা। 

এর মধ্যেই প্রোমোতে দেখা যায় কৃষ্ণ গোপাল বিদ্যার বাবাকে ফোন করছে। এবং জানাচ্ছে সে তার মেয়ের খোঁজ পেয়েছে। অবশেষে নায়িকা কি তবে তার বাবার পরিচয় জানতে পারবে? ঘুচবে তার অপবাদ, অপমানের সময়? কী অপেক্ষা করছে সেটা জানতেই মরিয়া দর্শক। 

প্রসঙ্গত, সম্প্রতি প্রোফেসর বিদ্যা ব্যানার্জি ধারাবাহিকে দেখানো হয়েছে, বিদ্যা তার নামের সামনে দিয়ে প্রোফেসর তকমা সরিয়ে ফেলেছে। সে এখন এমডি। একই সঙ্গে বর্তমানে ধারাবাহিকে বিদ্যা অর্থাৎ স্বস্তিকা দত্তের নো মেকআপ লুক দেখা যাচ্ছে। তাঁর মুখে ব্রণের দাগ, ইত্যাদি স্পষ্ট তুলে ধরা হচ্ছে অন ক্যামেরা। সেই প্রসঙ্গে অভিনেত্রী সম্প্রতি লিখেছেন, 'আপনি যদি চরিত্রকে বিচার করেন তাহলে তার মাধুর্য নষ্ট হয়ে যাবে। কিছু দিন আগে একটি উপন্যাস পড়তে গিয়ে এই লাইনটি পড়ি। খুবই অল্প বয়স, সবে মাত্র নিজের প্যাশন ফলো করা শুরু করেছি। আমি যেটা করি, সেটা করতে আমি ভালবাসি, কারণ পর্দায় সব এত বেশি বাস্তব হয়, আর বাস্তবে মেকি। তুমি ঘুম থেকে ওঠো, তারপর বসে নিজের আত্মা, মুড, ত্বককে তৈরি করো। কিন্তু কখনও কখনও তোমার আত্মার মতো, ত্বকও ক্লান্ত হয়। স্বাস্থ্যও তাই। কিন্তু তাই বলে তুমি পারফরমেন্স নষ্ট করতে পারো না। সিন ছেড়ে দিতে পারো না। সকলে তোমার পারফরমেন্সের জন্যই বাইরে অপেক্ষা করে রয়েছেন। যাই হয়ে যাক না কেন ফাউন্ডেশন, লিপস্টিক, মাস্কারা, কাজল সহ তুমি বা ছাড়া, পারফর্ম করো। বাকিটা তোমার প্রিয় বন্ধু, তোমার দর্শকদের উপর ছেড়ে দাও। সহজে বলতে গেলে, ব্রণ, ক্ষতর দাগ মাঝে মধ্যে গেস্ট অ্যাপিয়ারেন্স দেয়। আর আমি এই অনাহুত অতিথিদের সঙ্গে কাজ করতে ভালবাসি।' 

প্রসঙ্গত, 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হয়। এটি রোজ রাত সাড়ে ৮টা থেকে দেখা যায়। এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরেছেন স্বস্তিকা। তাঁর বিপরীতে রয়েছেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। সদ্যই এই ধারাবাহিক ১০০ পর্ব পার করেছে।