ওপার বাংলার 'সুপারস্টার' শাকিব খানের ছবি 'প্রিন্স'-এর বেশিরভাগ শুটিং কলকাতায় হয়েছিল। তাসনিয়া ফারিন ও টলিউডের নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুর সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল শাকিব খানকে। এই ছবির প্রযোজক শিরিন সুলতানা এবার বিরাট অভিযোগ আনলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে।
শিরিন সুলতানার অভিযোগ 'প্রিন্স'-এর শুটিং চলাকালীন তাঁর কাছ থেকে বিরাট অঙ্কের টাকা দাবি করেন স্বরূপ বিশ্বাস। প্রযোজকের কথায়, "আমরা প্রিন্সের শুটিং কলকাতায় করব ঠিক করেছিলাম। সেই মতো একজন এডি (অ্যাসিস্টটেন্ট ডিরেক্টর)-এর সঙ্গে কথা বলি। তাঁর নাম সাবিত্রী গুহ। তিনি জানান, স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে হবে, কারণ তিনি ফেডারেশনের মাথায় আছেন।"
প্রযোজক বলেন, "আমরা টিম নিয়ে সেই মতো যোগাযোগ করি স্বরূপ বিশ্বাসের সঙ্গে। কিন্তু তখন তিনি কোনও কথা বলেননি। আমাদের একটা রবিবার অফিসে ডেকে অনেকক্ষণ অপেক্ষা করান তারপরেও কোনও কথা বলেননি। আমাদের যে অ্যামাউন্টটা দিতে হবে সেটা নিয়ে কোনও আলোচনা করেননি। মাঝে কলকাতা-বাংলাদেশের যে সমস্যা তৈরি হল তার ফলে আমরা আর যোগাযোগ করিনি ওনার সঙ্গে। কিন্তু নিয়মিত কথা হত এডির সঙ্গে। উনি বারবার আশ্বস্ত করেছিলেন যে কিছু একটা ব্যবস্থা হবেই আমরা যেন শুটিং শুরু করি। এরপর মোটামুটি মিটমাট হলে শুটিং করি আমরা। আর তারপরেই উনি আমাদের বলেন একসঙ্গে সমস্ত টাকা দিতে হবে। তা প্রায় কয়েক কোটি টাকা হবেই। একবারে এতগুলো টাকা দেব কী করে? ওনার সামনেই আমি হাউ হাউ করে কাঁদতে থাকি। তখন অন্য কোথাও শুটিং করার মতো অবস্থা ছিল না। উনি রীতিমতো বাধ্য করেছিলেন টাকাটা দিতে, নয়তো আমাদের শুটিং বন্ধ হয়ে যেত। আজ মনে হল মুখ খোলা প্রয়োজন, তাই সবটা জানালাম।"
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে রাজনৈতিক রঙ বদলানোর পর থেকেই টলিউডের 'বিশ্বাস ব্রাদার্স' অর্থাৎ অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসকে নিয়ে মুখ খুলেছেন অনেকেই। টলিপাড়ার 'দাদাগিরি' নিয়েও কথা উঠেছে। আর এবার ওপার বাংলা থেকেও অভিযোগ উঠে এল স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে।
















