রাত ১১:০০ নাগাদ ওড়িশার তালসারি কোস্টাল থানায় প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে পৌঁছান প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৌরভ দাস ও ইন্দ্রাশিস রায়। প্রায় তিন ঘণ্টা ধরে, রাত ২:০০ পর্যন্ত পুলিশের সঙ্গে বৈঠক করে রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তাঁরা।
এই ঘটনায় লিখিতভাবে থানায় এফআইআর দায়ের করেন প্রিয়াঙ্কা সরকার। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে প্রসেনজিৎ চ্যাটার্জি জানান, এফআইআরটি সকালেই আপলোড করা হবে। তিনি আরও বলেন, ওড়িশা পুলিশ অত্যন্ত সহযোগিতামূলক ভূমিকা নিয়েছে। এদিন থানা থেকে বেরিয়ে সকলকে ধন্যবাদ জানান তিনি।
অন্যদিকে, ওড়িশা পুলিশের বালেশ্বর জেলার অ্যাডিশনাল এসপি দেবজ্যোতি দান জানান, ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু করা হবে। এই মামলার কেস নম্বর ৬৩।
শনিবার দুপুর দু'টোর পর আর্টিস্ট ফোরামের সদস্যদের সঙ্গে প্রিয়াঙ্কা সরকারও রিজেন্ট পার্ক থানায় যান 'ভোলেবাবা পার করেগা' ধারাবাহিকের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ করতে। তিনটি ধারায় এফআইআর করা হয়েছে বলে খবর। ৬১(২) অর্থাৎ, অপরাধমূলক ষড়যন্ত্র, ১০৬(১) অর্থাৎ অনিচ্ছাকৃত খুন ও ২৪০ অর্থাৎ অপরাধ সংগঠিত হয়েছে জেনেও সে সম্পর্কে ইচ্ছাকৃত ভাবে মিথ্যা তথ্য দেওয়া।
শনিবার বিকেলে টেকনিশিয়ান স্টুডিও থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। এদিন 'জাস্টিস ফর রাহুল' স্লোগানে রাজপথে নামছেন টলিউডের শিল্পী ও কলাকুশলীরা। ক'দিন ধরেই
সমাজমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান। রাহুলের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন যে টেকনিশিয়ানরা, তাঁরাও এদিনের প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। সঙ্গে রয়েছে প্ল্যাকার্ড, তাতে লেখা 'জাস্টিস ফর রাহুল'। টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত মিছিলে হাঁটা হয়েছে।
টেকনিশিয়ান স্টুডিওতে একজোট হয়েছিলেন বহু তারকা থেকে কলাকুশলীরা। ছিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত, প্রযোজক রাণা সরকার, সৃজিত মুখার্জি, অনির্বাণ চক্রবর্তী, জিতু কামাল, দিব্যজ্যোতি দত্ত, ঋষি কৌশিক, লগ্নজিতা চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, জয়দীপ মুখার্জি, অরিন্দম শীলের মতো বহু তারকা। রাহুলের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন যে টেকনিশিয়ানরা, তাঁরাও এদিনের প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন। সঙ্গে ছিল প্ল্যাকার্ড, তাতে লেখা 'জাস্টিস ফর রাহুল'।
















