বাংলা ধারাবাহিকের পাশাপাশি ওটিটি সিরিজেরও অন্যতম পরিচিত মুখ অভিনেত্রী প্রিয়ঙ্কা ভট্টাচার্য। ছোটপর্দায় এক সময় চুটিয়ে কাজ করেছেন তিনি। ‘অপরাজিতা অপু’-তে তাঁর অভিনীত চরিত্রটি দারুণ জনপ্রিয় হয়েছিল দর্শকমহলে। ‘ব্রহ্মা অর্জুন’ নামে একটি ওয়েব সিরিজেও কাজ করেছিলেন তিনি। রোহন ভট্টাচার্য এবং অনিন্দ্য সেনগুপ্তর পাশাপাশি প্রিয়ঙ্কা ভট্টাচার্যর অভিনয় নজর কেড়েছিল। উল্লেখ্য, বছর তিনেক আগে টলিউড ছেড়ে বলিউডে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য। কাজের সূত্রেই মুম্বই-কলকাতা নিয়মিত যাতায়াত তাঁর। পাশাপাশি চলছে বলিউডের কাজের প্রস্তুতি। মুম্বইয়ে একটি মারাঠি ছবিতেও কাজ করেছেন প্রিয়াঙ্কা। ছবির নাম ‘জিলবি’। ছবিতে ছিলেন জনপ্রিয় মরাঠি অভিনেতা স্বপ্নীল যোশী। তবে এবার অভিনয়ের পাশাপাশি নিজের উদ্যোগে ব্যবসাও শুরু করেছেন এই অভিনেত্রী। তাঁর সেই নয়া কাজের সফর শুরু হয়েছিল মাত্র মাস তিনেক আগেই। কিন্তু সেক্ষেত্রে তাঁর সাফল্যের জেরে সম্প্রতি শহরের একটি সামাজিক অনুষ্ঠানে তাঁকে সম্মান জানানো হল।
গোটা বিষয়টি নিয়ে আজকাল ডট ইন-কে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বললেন, “একজন উদ্যোগপতি হিসেবেও এই স্বীকৃতি পেয়ে আমি আপ্লুত। ভাবতেই পারিনি ব্যবসা শুরু করার মাত্র মাস তিনেকের মধ্যে এহেন সাফল্যের মুখ দেব। আমি গয়নার ব্যবসা শুরু করেছি। ব্র্যান্ডের নাম – ‘সভেরা’। জানুয়ারিতে বিপণির উদ্বোধন করেছি। তাই এখন শুধু আমি অভিনেত্রী নয়, উদ্যোগপতি হিসেবেও স্বীকৃতি পাচ্ছি। ব্র্যান্ডটাকে আরও বড় করার পরিকল্পনা রয়েছে। আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে যা এই ব্যবসাটাকে বাড়াব। আর একটা কথা এই ফাঁকে জানাতে চাই, আমি একজন ব্যবসায়ী বাড়ির সন্তান। ছোট থেকেই দেখেছি বাবা চুটিয়ে ব্যবসা করছেন। তাই অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার অনেক আগে থেকেই আমার ভাবনায় ছিল একদিন ব্যবসা করব। কারণ আমার রক্তে ব্যবসা। শেষমেশ সেটাই করছি।”
প্রিয়াঙ্কা মনে করেন, দেশের অন্যান্য বড় শহরের তুলনায় কলকাতায় স্টার্ট-আপ সংস্কৃতি এখনও ততটা বিস্তৃত না হলেও, ভবিষ্যতে এর সম্ভাবনা যথেষ্ট। তবে তাঁর বিশ্বাস, খুব শিগগিরই শহরেও নতুন উদ্যোগের সংখ্যা বাড়বে এবং তরুণ প্রজন্ম আরও বেশি করে ব্যবসার দিকে ঝুঁকবে। তবে নতুন ব্যবসা শুরু মানেই অভিনয় থেকে সরে যাওয়া—এমন ধারণা ভেঙে দিয়েছেন অভিনেত্রী নিজেই। কথাশেষে প্রিয়াঙ্কা জোর গলায় জানিয়েছেন, টলিউড একেবারেই ছেড়ে দেননি তিনি। ভাল চরিত্রের সুযোগ পেলে আবারও টলিউডের কাজ করবেন বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা।
&t=2069s
