আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
'হেরা ফেরি ৩' কেন ছেড়েছেন প্রকাশ্যে আনলেন প্রিয়দর্শন!
সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিয়দর্শন জানিয়েছেন তিনি চাইলে 'হেরা ফেরি ৩' ছবিটিকে 'ধুরন্ধর' -এর থেকেও বড় মাপের বানাতে পারতেন। কিন্তু প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালার সঙ্গে সমস্যার কারণেই তিনি এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু দুইয়ের মধ্যে ঠিক কী ঘটেছে? এই বিষয়ে প্রিয়দর্শন বলেন, 'ফিরোজ অক্ষয়কে বলেছিলেন তোমার কাছে সত্ত্ব আছে হেরা ফেরি ৩ বানানোর, কিন্তু প্রিয়দর্শন যেন সেটার পরিচালনা না করেন। এটাই আমার একমাত্র অনুরোধ। উনি আমায় একাধিকবার অপমান করেছেন। আমায় বলেছিলেন আমি যে হেরা ফেরি বানিয়েছি সেটা নাকি খারাপ। ওঁকে নাকি আমার ছবিটিকে এডিট করতে হয়েছে। আমি প্রথমে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির পরিচালনা করতে রাজি হই কারণ, আমি ভেবেছিলাম এটাকে আমি দেশের অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজি বানাতে পারি। আমি পরিচালনা করলে এটা ধুরন্ধর ছবির থেকেও বড় হতো। অক্ষয়, সুনীল, পরেশ, ৩ জনেই চেয়েছিল যাতে আমি ছবিটির পরিচালনা করি। আমার গল্প শোনার পর ওরা দারুণ উৎসাহিত হয়।' এদিন পরিচালক আরও দাবি করেন 'হেরা ফেরি ৩' নাকি আরও নানাবিধ কারণে কখনই বড়পর্দায় আসবে না।
পেয়েছিলেন ২৫ লাখের প্রস্তাব, তাও কেন সুনীল ফিরিয়ে দেন সময় রায়নার শোয়ের প্রস্তাব?
সম্প্রতি সুনীল পাল একটি সাক্ষাৎকারে জানিয়েছেন সময় রায়নার শো, 'ইন্ডিয়াস গট লেটেন্ট' শোয়ে যাওয়ার প্রস্তাব পেয়েছিলেন তিনি। তাঁকে ২৫ লাখ টাকাও দিতে চাওয়া হয় সেই বাবদ। কিন্তু এই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। জানিয়ে দেন এসব খারাপ শো তিনি করবেন না। এমনকী সম্প্রতি এই শোয়ে আলিয়া ভাট যে অতিথি হয়ে এসেছিলেন সেটাকেও ব্যঙ্গ করেন। জানান যেখানে যেখানে আলিয়া যান, সেখানেই গালিগালাজ থাকে।
অবশেষে মুক্তি পেল দিলজিতের 'সাতলেজ'
দীর্ঘ সময় ধরে নানা জটিলতার সম্মুখীন হয়েছে দিলজিৎ দোসাঁঝের ছবি 'সাতলেজ'। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ছবিটির প্রাথমিক নাম ছিল 'পাঞ্জাব '৯৫'। পরবর্তীতে সেই নাম বদলে রাখা হয় 'সাতলেজ'। হানি ত্রেহান পরিচালিত এই ছবিটি সেন্সর বোর্ডের তরফে কিছুতেই ছাড়পত্র পাচ্ছিল না। অবশেষে এটি শুক্রবার, ৩ জুলাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল। গত বছর ফেব্রুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা ছিল 'সাতলেজ' ছবিটির। কিন্তু সেটা হয়নি। অবশেষে এদিন জি ফাইভে মুক্তি পেল। গল্পে ফুটে উঠবে সমাজসেবী যশবন্ত সিং কালরার জীবনী এবং মৃত্যুর কথা। সেন্সর বোর্ডের তরফে এই ছবিটিতে ১২০ টি কাট করানো হয়েছে। নাম বদলানো হয়েছে।















