চলতি বছরের শুরু দিকে প্লেব্যাক থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করেছিলেন অরিজিৎ সিং৷ গায়কের সিদ্ধান্তে মন ভেঙে গিয়েছিল কোটি কোটি ভক্তের। এবার কি সেই পথেই হাঁটতে চলেছেন সুরকার প্রীতম? নিজের জন্মদিনে তেমনই দিলেন বাঙালি সঙ্গীত পরিচালক।
সমাজমাধ্যমে একটি আবেগঘন পোস্ট শেয়ার করে প্রীতম জানিয়েছেন, এবার তাঁর 'নতুন এক সফরে' রওনা হওয়ার সময় এসেছে। প্রীতমের এই পোস্ট প্রকাশ্যে আসতেই তাঁর অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই আশঙ্কা করছেন, তবে কি প্রীতম বলিউড থেকে অবসর নিতে চলেছেন!
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের কিছু সাদা-কালো ছবি পোস্ট করে প্রীতম ক্যাপশনে লিখেছেন, "জন্মদিনের শুভেচ্ছার জন্য সকলকে ধন্যবাদ। প্রত্যেককে আলাদা করে উত্তর দেওয়া সম্ভব নয়, তবে আমার আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করুন। আজ আমি নিজেকে এমন এক উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে আগামী কয়েক বছর জীবনটাকে একটু অন্যভাবে বাঁচতে পারি। এত বছর যা যা মিস করেছি, তা এবার পূরণ করতে চাই।"
বাণিজ্যিক সিনেমা বা মেইনস্ট্রিম মিউজিক থেকে বিরতি নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি আরও লেখেন, "এমন কিছু নতুন সফরে বের হওয়ার সময় এসেছে, যা অনেকদিন ধরে পেছনে পড়ে ছিল। মেইনস্ট্রিম মিউজিকের এই সফরটি দারুণ ছিল। কিন্তু আমি সবসময়ই অচেনা বা অনাবিষ্কৃত পথগুলো নিয়ে বেশি কৌতূহলী। সবসময় এত ভালোবাসা এবং সমর্থন দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।"
প্রীতমের এই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং অনুরাগীরা মন্তব্য করতে শুরু করেন। কেউ লিখেছেন, "আমার মনে হচ্ছে আপনিও মিউজিক ইন্ডাস্ট্রি থেকে বিরতি নিচ্ছেন। প্রীতমের নতুন গান, বিশেষ করে অরিজিৎ ও প্রীতমের জুটি খুব মিস করব।" অন্য একজন লিখেছেন, "প্রীতম দা কি অবসর ঘোষণা করলেন?"
এর আগে এক সাক্ষাৎকারে প্রীতম জানিয়েছিলেন যে তিনি প্রায় আট মাস ধরে অবসরের কথা ভাবছেন। তবে তিনি একে পুরোপুরি অবসর না বলে একটি 'বিরতি' হিসেবেই দেখতে চান। মজার ছলে প্রীতম জানান, তিনি অরিজিৎকে অনেকবার বলেছিলেন যে তিনি অবসর নিয়ে অরিজিতের গ্রামের বাড়ি জিয়াগঞ্জে যাবেন এবং দুজনে মিলে তারাপীঠে ঘুরতে যাবেন। প্রীতমের মুখে এই কথা শুনে অরিজিৎ এক রাতে তাঁকে বলেছিলেন, "যেদিন আপনি অবসর নেবেন, সেদিন আমিও নেব।" এর ঠিক পরের দিনই অরিজিৎ প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়ে প্রীতমকে ফোন করে মজা করে বলেছিলেন, "আপনার দ্বারা (অবসর নেওয়া) হবে না।"
তবে সত্যিই আগামী দিনে প্রীতমও অরিজিতের পথে পা বাড়াবেন কিনা, তা সময়ই বলবে।















