রবি ঠাকুর তো বলেই গিয়েছেন, 'প্রেমের ফাঁদ পাতা ভুবনে, কে কোথা ধরা পড়ে...'। আর সেই ফাঁদে ধরা পড়ার আগে তো খুঁজতে হয় সেই প্রেম বা মনের মানুষকে। সেটাই যেন কোথাও ফুটে উঠতে চলেছে 'প্রেম শটস' সিরিজে, তেমনই আভাস মিলল সিরিজের টিজারে। 

'প্রেম শটস' সিরিজের চরিত্রদের লুকও এদিন প্রকাশ্যে এল। সেখানেই দেখা যাচ্ছে বোল্ড অবতারে ধরা দেবেন অঙ্গনা রায়। বনির চোখে কখনও ডুব দিয়েছেন তিনি, কখনও তাঁর বাহুলগ্না হয়ে রয়েছেন। ছবি থেকেই স্পষ্ট অনস্ক্রিন তাঁদের রসায়ন বেশ জমতে চলেছে। মাখোমাখো কেমিস্ট্রি দেখা যাবে তাঁদের 'প্রেম শটস' -এ। 

অঙ্গনা এবং বনির আসন্ন সিরিজের প্রথম ঝলকে দেখা গেল দু'জনে একসঙ্গে গাঁজার ব্যবসা করার প্ল্যান করছেন। শুধু তাই নয়, বনিকে একাধিক নায়িকার সঙ্গেও দেখা গেল। তবে সকলের মধ্যে সে ওই কানেকশন একমাত্র অঙ্গনার সঙ্গেই ফিল করতে পারছে। তার সঙ্গে বারবার দেখা করার কথা বলছে, দেখা করছে। এমনকী কাটাচ্ছে ঘনিষ্ঠ মুহূর্তও। দুজনের এই সম্পর্কের শেষ পরিণতি কী? বনির চরিত্রের সঙ্গে শ্রেয়া গুপ্তর চরিত্রের রসায়নই বা ঠিক কী সেটা স্পষ্ট নয়। এই প্রশ্নের জবাব পেতে জি ফাইভে দেখতে হবে 'প্রেম শটস'। 

সিরিজের টিজার মুক্তি পেতেই পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত বলেন, "আমরা দারুণ উচ্ছ্বসিত দর্শকদের কাছে 'প্রেম শটস' -এর ঝলক পৌঁছে দিতে পেরে। এই গল্পে  যেমন ইমোশন ফুটে উঠবে, তেমনই উচ্চাকাঙ্ক্ষা, সম্পর্কের জটিলতাও ধরা দেবে। বনি এবং অঙ্গনার দুর্দান্ত কেমিস্ট্রির সঙ্গে যুক্ত হয়েছে শ্রেয়া গুপ্তর এনার্জি। কলকাতার বিভিন্ন রূপও এখানে তুলে ধরা হয়েছে। আশা করব, দর্শকরা নিজেদের মেলাতে পারবেন এই সিরিজের সঙ্গে।" 

এই রমকম ঘরানার সিরিজে বনি সেনগুপ্ত, অঙ্গনা রায় ছাড়াও থাকবেন দেবদত্ত রাহা, শ্রেয়া গুপ্ত, শিঞ্জিনী চক্রবর্তী, প্রমুখ।