স্টার জলসায় সদ্য শুরু হয়েছে ধারাবাহিক 'প্রতিজ্ঞা'। মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে রণজয় বিষ্ণু ও অভীকা মালাকারকে। এই মেগা শুরুর আগে থেকেই জুটিকে নিয়ে দারুণ জনপ্রিয়তা ছড়িয়েছিল দর্শক মহলে। এবার ভাইরাল ধারাবাহিকের নতুন প্রোমো।গল্পে  দেখা যাচ্ছে, হারিয়ে যাওয়া পরীকে খুঁজে পেয়েছে তার বাড়ির লোক। কিন্তু অভি বুঝতে পারে যে তার আসল পরী ফিরে আসেনি। যে ফিরেছে সে নকল।‌

এদিকে আসল পরী এখনও বাড়ির সবার থেকে আলাদা। তাকে এখন সবাই ছুটি নামে চেনে। ছুটির সঙ্গে একটু একটু করে ঘনিষ্ঠতা বাড়ছে অভির। এরপর ঘটনাচক্রে তাঁদের বিয়েও হয়ে যায়। বিয়ের পরে ছুটিকে মেনে নিতে পারেনি অভির বাড়ির লোক। তাদের ফুলশয্যার দিন ঘটে এক কাণ্ড। 

সম্প্রতি, সামনে আসা ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা যাচ্ছে ছুটি ফুলশয্যার দিন চুড়িদার পরে নিচে আসে। অভির শাম্মি তাকে বলে এদিন যে শাড়ি পরে আসতে হয়, সেই খেয়াল কেন নেই তার? ঠাম্মির সঙ্গে তাল মেলায় নকল পরীও। অভি প্রতিবাদ করতে গেলে ছুটি তাকে আটকায়। জানায়, তার কাছে কোনও শাড়ি নেই। সেই মুহূর্তে ছুটিকে নিয়ে দোকানে যায় অভি। মাঝরাতে দোকান বন্ধ হবে, ঠিক সেই সময় অভি অনুরোধ করে মালিককে যেন কিছুক্ষণের জন্য দোকান খোলা রাখে। কারণ, তাঁর স্ত্রীর জন্য সে শাড়ি কিনবে।

অভির মুখে স্ত্রী শব্দটা শুনে লজ্জা পেয়ে যায় ছুটি। সে শাড়ি পছন্দ করতে থাকে। প্রোমোয় দেখা যায় হাওয়ায় একটা শাড়ি উড়ে এসে অভি ও ছুটিকে ঢেকে দেয়। আরও কাছাকাছি চলে আসে তারা। এদিকে, নকল পরীও ষড়যন্ত্র করতে থাকে তাদের ফুলশয্যা ভেস্তে দেওয়ার। কী হবে শেষমেশ? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।