শেষ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'তুই আমার হিরো'। ফুরোচ্ছে শাক্য ও আরশির গল্প। এই ধারাবাহিক শুরু হয়েছিল গত বছর ১০ মার্চ। প্রায় এক বছর চলার পর শেষ হল এর যাত্রা। শ্রীজিৎ রায় ও শৌভিক চক্রবর্তীর প্রযোজনায় শুরু হয় এই মেগা। মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল রুবেল দাস ও মোহনা মাইতিকে। প্রায় এক বছরের পথ চলায় টিআরপির বিভিন্ন ওঠাপড়ার সাক্ষী এই ধারাবাহিক। শুরুর দিকে এক থেকে দশের মধ্যে এই মেগা থাকলেও শেষ কয়েক সপ্তাহ একেবারেই দেখা মেলেনি এই ধারাবাহিকের। 

নতুন ধারাবাহিক আসায় মাঝে স্লট বদলেছে এই মেগার। তবুও গল্পের মোড়ে নানা দিক বারবার টেনেছে দর্শককে। গল্পের নায়ক সুপারস্টার শাক্যজিৎ ও নায়িকা আরশির জীবনের গতি ভিন্ন হলেও এক সময় তাদের পথ মিলে যায়। শাক্য-আরশির প্রেম দেখতে দর্শক দারুণ পছন্দ করেন। কিছুদিন আগেই গল্পে এসেছে বড়সড় লিপ। শাক্য-আরশির মেয়েকেও দেখা গিয়েছিল গল্পের মোড়ে। যদিও সেই চরিত্রে নতুন কেউ নয়, মোহনাকেই দেখেছেন দর্শক। 

বছর ঘুরতেই শেষ হল এই ধারাবাহিক। শনিবার হয়ে গেল 'তুই আমার হিরো'র শেষদিনের শুটিং। এদিন শুটিং সেটে যেন একরাশ মন খারাপের আবহাওয়া। তবে মুখে হাসি নেই পরিচালকের নির্দেশনায় শুটিং করছেন সকলে। শুটিং শেষ হলেও এখন বেশ কিছুদিন চলবে এই মেগা।

প্রসঙ্গত, জি বাংলার পর্দায় আসছে বেশ কিছু নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই তালিকায় রয়েছে 'কমলা নিবাস' ও 'সাতপাকে বাঁধা'। অন্যদিকে আসছে আরও এক নতুন ধারাবাহিক। এবার এক একা মায়ের জীবন সংগ্রামের গল্প তুলে ধরবে এই চ্যানেল। ধারাবাহিকের নাম 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'। অন্নপূর্ণার তিন মেয়ে। সে পূত্র সন্তানের জন্ম দিতে পারেনি বলে তার স্বামী তাকে ও তিন মেয়েকে ছেড়ে চলে যায়। একাই ভাতের হোটেল চালিয়ে মেয়েদের বড় করে তোলে অন্নপূর্ণা। সমাজের এত বাধা পেরিয়ে জীবনযুদ্ধে জয়ী সে। 

গল্পে 'অন্নপূর্ণা'র চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর এক মেয়ের চরিত্রে থাকবেন স্বস্তিকা ঘোষ। অন্য এক মেয়ের চরিত্রে দেখা যেতে পারে ইপ্সিতা মুখোপাধ্যায়কে। গল্পে স্বস্তিকার বিপরীতে নায়ক হিসেবে থাকবেন সৌম্যদীপ মুখোপাধ্যায়। সৌম্যদীপ জি বাংলার 'জগদ্ধাত্রী'তে মুখ্য চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন দর্শক মহলে। অন্যদিকে স্বস্তিকাও স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া'র মুখ্য চরিত্রে মন জয় করেছিলেন। এই দুটি ধারাবাহিকই প্রায় চার বছর চলেছিল। সাধারণত এখন ধারাবাহিকের মেয়াদ কমে এসে কয়েক মাসে ঠেকেছে‌‌। সেখানে এই দুই ধারাবাহিকের জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। সেই বিপুল জনপ্রিয়তার কথা মাথায় রেখেই আবারও দুই আলাদা ধারাবাহিকের নায়ক-নায়িকাকে নিয়ে শুরু হতে চলেছে নতুন এই মেগা।