বিদেশের মাটিতে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা নিয়ে মুখর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বললেন করণ জোহার পরিচালিত কুছ কুছ হোতা হ্যায় এর নাম৷ ইন্দোনেশিয়ার জাকার্তা সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ সেই আলোচনার অন্যতম বিষয় ছিল আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা৷ তখনই নরেন্দ্র মোদি বললেন  বলিউডের কালজয়ী ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'-এর নাম। 

জাকার্তায় ভারতীয় প্রবাসীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত ও ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, ইন্দোনেশিয়ায় ভারতীয় সিনেমা এবং বিশেষ করে কুছ কুছ হোতা হ্যায় ছবির জনপ্রিয়তা আজও অটুট। সেই প্রসঙ্গেই তিনি মজার ছলে বলেন, "যখন ভারত ও ইন্দোনেশিয়া একসঙ্গে এগিয়ে চলে, তখন শুধু 'কুছ কুছ' নয়, 'বহুত কুছ' হয়।" তাঁর এই শব্দখেলা উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল তোলে, পাশাপাশি দুই দেশের বন্ধুত্বের বার্তাও পৌঁছে দেয়।

প্রধানমন্ত্রীর মুখে নিজের বানানো ছবির নাম শুনতেই আবেগাল্পুত  ছবির পরিচালক করণ জোহর। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন করণ জোহর। সেখানে তিনি লেখেন, "জাকার্তায় আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি কুছ কুছ হোতা হ্যায়-এর কথা বলেছেন, এতে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত। সত্যিই ভালবাসার এমন এক ভাষা রয়েছে, যা সব সীমা অতিক্রম করে যায়। এই গানকে আজও জীবন্ত রাখার জন্য আপনাকে ধন্যবাদ।" করণের এই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।


১৯৯৮ সালে মুক্তি পাওয়া কুছ কুছ হোতা হ্যায় ছিল করণ জোহরের পরিচালনায় প্রথম ছবি। ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, কাজল, রানি মুখোপাধ্যায় এবং সালমান খান। মুক্তির পর ছবিটি বক্স অফিসে বিপুল সাফল্য পায়। শুধু ভারতেই নয়, বিশ্বের নানা দেশে ছবির গান, সংলাপ ও চরিত্র আজও সমান জনপ্রিয়। বিশেষ করে ইন্দোনেশিয়ার মতো দেশে ভারতীয় সিনেমার প্রতি দর্শকদের ভালোবাসার অন্যতম উদাহরণ হিসেবে বারবার উঠে এসেছে এই ছবির নাম।


আন্তর্জাতিক মঞ্চে বলিউডের একটি ছবির উল্লেখ নিঃসন্দেহে ভারতীয় চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রভাবকেই তুলে ধরে৷ করণ জোহরের কাছে এটি শুধু ব্যক্তিগত সম্মানের বিষয় নয়, বরং ভারতীয় সিনেমার বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতারও বড় স্বীকৃতি। প্রায় তিন দশক পরেও কুছ কুছ হোতা হ্যায় যে মানুষের মনে একইভাবে জায়গা করে রয়েছে, প্রধানমন্ত্রীর বক্তব্য এবং করণের আবেগঘন প্রতিক্রিয়া সেই কথাই আবার প্রমাণ করল।