স্টার জলসার পর্দায় আসছে 'বিগ বস বাংলা'র নতুন সিজন। এবার সঞ্চালনায় থাকবেন বাংলার 'মহারাজ' সৌরভ গাঙ্গুলি। ইতিমধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে, এই শো-এর প্রতিযোগীদের নিয়ে। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি কারওর নাম, তবে টলিপাড়ায় কানাঘুষোয় উঠে আসছে বহু তারকা থেকে সমাজমাধ্যমের পরিচিত মুখের কথা। 

জানা যাচ্ছে, 'বিগ বস'-এর প্রস্তাব গিয়েছে প্রাক্তন ইম্পা সভাপতি, অভিনেত্রী পিয়া সেনগুপ্তর কাছে। আজকাল ডট ইন-এর পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রস্তাব এসেছে ঠিকই, কিন্তু এখনই শো-এর যাওয়ার সিদ্ধান্ত নেননি তিনি। আগামীতে এই নিয়ে ভাববেন কিনা, তার আভাস এখন দিতে নারাজ পিয়া সেনগুপ্ত।

প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত ইম্পা। সংগঠনের সভাপতি পদ থেকে পিয়া সেনগুপ্ত পদত্যাগ করার পর নতুন দায়িত্ব কে নেবেন, তা নিয়ে জলঘোলা হয়েই চলেছে। কিছুদিন আগেই ফের একবার ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন (ইম্পা)-কে ঘিরে চলা ক্ষমতার দ্বন্দ্ব প্রকাশ্যে এল।

এদিন এক্সিকিউটিভ কমিটির বৈঠককে কেন্দ্র করে ইম্পার দপ্তরে বেশ উত্তেজনা ছড়ায়। গত কয়েক মাস ধরেই ইম্পার নেতৃত্ব নিয়ে কৃষ্ণ কুমার দাগা ও রতন সাহা শিবিরের মধ্যে তীব্র সংঘাত চলছে। সভাপতি পদ, এক্সিকিউটিভ কমিটির বৈধতা এবং নতুন নির্বাচন, এই তিনটি বিষয়কে কেন্দ্র করে বিরোধ ক্রমেই জটিল আকার নিয়েছে। কে বসবেন ইম্পা সভাপতির চেয়ারে? সেই নিয়ে এখনও দ্বিমত রয়েছে। এদিনের ঘটনাও যেন স্পষ্ট করে দিয়েছে যে ইম্পার অন্দরের ক্ষমতার লড়াই এখনও অব্যাহত।