শিবপ্রসাদ মুখার্জি আর নন্দিতা রায় পরিচালিত নতুন বাংলা ছবি ফুলপিসি ও এডওয়ার্ড মুক্তি পেয়েছে ২৯ মে। মাত্র ৪ দিনেই ৫০ হাজার দর্শক দেখে ফেলেছেন ছবিটি৷
বিয়ের আসরে মৃত্যুর কোলে ঢলে পড়ল পাত্র! কীভাবে মৃত্যু, খুন নাকি স্বাভাবিক কোনও কারণ? ডাক্তারি রিপোর্ট বলছে খুন। কে হত্যা করল রাজা মণীন্দ্র চন্দ্র নন্দীকে? সন্দেহ, রহস্যে মোড়া ঝলক দেখামাত্রই দর্শকদের মধ্যে কৌতূহল হয়েছিল৷
গল্প আবর্তিত রাজা মণীন্দ্র চন্দ্র নন্দীকে ঘিরে। তিনি মৃত্যু পথযাত্রী। কিডনি খারাপ। ইতিমধ্যেই দুই বার বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর এক ছেলে হলেও, দ্বিতীয় স্ত্রী নিঃসন্তান। এদিকে সেই রাজমহলে যত ছেলেমেয়ে আছে, বিশেষ করে মেয়েরা, তাদের রাজা নিজের সম্পত্তি ভাবে। তাই সন্তান পাওয়ার আশা এবং কিডনি পাবেন, এই লোভে দ্বিতীয় স্ত্রীর বোনকে বিয়ে করতে চান তিনি। এদিকে বিয়ের পিঁড়িতেই মৃত্যু হয় তার। মৃত্যুর রহস্যকে কেন্দ্র করেই আবর্তিত এই ছবি৷
রাজা মণীন্দ্র চন্দ্র নন্দীর ভূমিকায় অর্জুন চক্রবর্তী। পর্দায় তাঁর প্রথম স্ত্রী হয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় জন রাইমা সেন। আর তৃতীয় এবং হবু স্ত্রী হতে চলেছিলেন শ্যামৌপ্তি। বড়পর্দায় এই ছবির মাধ্যমেই অভিষেক হল শ্যামৌপ্তির৷ ফুল পিসির ভূমিকায় সোহিনী সেনগুপ্ত। নর্তকীর ভূমিকায় অনন্যা চট্টোপাধ্যায়, আর মণীন্দ্রর ছেলে ও ভাইয়ের ভূমিকায় যথাক্রমে সৌম্য মুখোপাধ্যায় ও সাহেব চট্টোপাধ্যায়। গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে অনামিকা সাহা, ঋষভ বসু। এই চরিত্রগুলোর কার সঙ্গে কী রসায়ন, কেই বা খুন করল রাজাকে সেটা জানতেই দর্শক ভিড় জমাচ্ছেন সিনেমাহলে৷















